বেপরোয়া গতির বলি ফের এক যুবক! কালনা-কাটোয়া সড়কে বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২।

ফের বেপরোয়া গতির শিকার হলেন এক যুবক। দ্রুত গতিতে বাইক ছুটিয়ে যাওয়ার পথে পূর্বস্থলীর পারুলডাঙ্গার কাছে কালনা কাটোয়া STKK সড়কে বাইক ও স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। বৃহস্পতিবার বিকেলে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন এবং গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বিধান বিশ্বাস, তাঁর বাড়ি মানিকনগর এলাকায়। বাকি দুই আহত ব্যক্তি হলেন শান্ত মল্লিক এবং বিল্টু মন্ডল, যাদের বাড়ি খরিনান এলাকায়।
সংঘর্ষের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়লেন তিনজন
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শান্ত মল্লিক এবং বিল্টু মন্ডল বাইকে চেপে আসছিলেন এবং বাইকের গতি ছিল তীব্র। অপরদিকে, স্কুটি নিয়ে আসছিলেন বিধান বিশ্বাস। পারুলডাঙ্গার কাছে দুই যানের মুখোমুখি সংঘর্ষের তীব্রতায় তিনজনেই রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার জেরে স্কুটিটি ভেঙে গুঁড়িয়ে যায়।
সংঘর্ষের পর গুরুতর জখম অবস্থায় তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নাদনঘাট থানার পুলিশ। আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা বিধান বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কালনা থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।