যাত্রী সুরক্ষা বাড়াতে রেল সেতু পরিদর্শনে আন্ডারওয়াটার রোবট ড্রোন ব্যবহার করবে উত্তর-পূর্ব রেল

বন্যা পরিস্থিতি এবং সারা বছর ধরে জলের তলায় থাকা রেল সেতুগুলির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নয়া উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (Northeast Frontier Railway)। এখন থেকে জলের নিচে থাকা সেতুগুলির অংশ কেমন অবস্থায় রয়েছে, তা জানতে রোবটিক টেকনোলজি ব্যবহার করা হবে।
উত্তর-পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশন (Alipurduar Division) এই উদ্যোগ নিয়েছে। রেলের ইঞ্জিনিয়ররা যদিও সারা বছরই সেতুর উপরিভাগ পরিদর্শন করেন, কিন্তু গভীর জলের তলায় থাকা কাঠামো পরিদর্শন করা সম্ভব হয় না। যাত্রী সুরক্ষার জন্য সেই অংশগুলি পরীক্ষা করাও জরুরি।
রোবটের মাধ্যমে জলের তলার ছবি
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম দেবেন্দ্র সিং জানান:
“বাইরে থেকে ইন্সপেকশন করে যেগুলি বোঝা যায় না, সেতুর সেই অংশগুলি রোবট দিয়ে নজরদারি করা হচ্ছে। রোবটের মাধ্যমে জলের তলায় সেতুর ছবি তোলা হচ্ছে। তারপর সেগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ইতিমধ্যেই রোবটিক ড্রোন ব্যবহারের এই কাজ শুরু হয়ে গিয়েছে।
১৮টি গুরুত্বপূর্ণ সেতুতে বাড়তি সতর্কতা
আলিপুরদুয়ার ডিভিশনে মোট ১৮টি গুরুত্বপূর্ণ সেতু রয়েছে, যেগুলি নিয়মিত পরীক্ষা করা হয়। যে নদীগুলিতে জল কম থাকে, সেগুলি ইঞ্জিনিয়াররা সরাসরি পর্যবেক্ষণ করেন। কিন্তু যে নদীগুলিতে সারা বছর গভীর জল থাকে, সেই সেতুগুলির জলের নিচের অংশে নজরদারি চালানো কঠিন।
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এই অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। জলের নিচে থাকা সেতুর সামান্যতম ক্ষতিও এই রোবটিক ড্রোন নির্ভুলভাবে শনাক্ত করতে পারবে।