ফুটবলের ঈশ্বর কলকাতায়! মেসিকে বরণ করে নিতে যুবভারতীর একই মঞ্চে দেখা যেতে পারে শাহরুখ খানকে।

ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তিলোত্তমায় আসছেন ফুটবলের ‘ঈশ্বর’ লিওনেল মেসি। তাঁর বহুচর্চিত ভারত সফরের প্রথম ধাপ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তবে এবারের সফর আরও বেশি জমজমাট হতে চলেছে, কারণ যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির এই স্মরণীয় দিনে তাঁর সঙ্গে একই মঞ্চে দেখা যেতে পারে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে।
এই খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর অন্যতম কর্ণধার শাহরুখ বৃহস্পতিবার বিকেলে নিজের ‘এক্স’ (আগেকার টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে কলকাতা সফরের কথা ঘোষণা করেন। বরাবরের মতো, এবারও তাঁর পোস্টে ছিল সূক্ষ্ম রসবোধের ছোঁয়া।
শাহরুখের রসিকতা
এক্স হ্যান্ডেলে শাহরুখ লেখেন,
“এইবার আমার কলকাতায় কোনো ‘নাইট’ কাটানোর পরিকল্পনা নেই… বরং আশা রাখছি দিনটা পুরোপুরি ‘মেসি’ হবে। ১৩ তারিখ যুবভারতী স্টেডিয়ামে দেখা হচ্ছে।”
শাহরুখের এই বার্তা গোটা বাংলার ফুটবলপ্রেমী তথা সিনেপ্রেমীদের মধ্যে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। একদিকে ফুটবলের বিশ্বজয়ী মহাতারকা, অন্যদিকে বিনোদন জগতের সম্রাট— দুই বিশ্ব-আইকনের একই মঞ্চে উপস্থিতি নিঃসন্দেহে এক বিরল দৃশ্য হতে চলেছে।
মেসির কলকাতা সফরসূচি
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাত অর্থাৎ রাত দেড়টা নাগাদ দমদম বিমানবন্দরে পা রাখবেন লিওনেল মেসি। পরের দিন সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর জন্য একটি বিশেষ দিনের আয়োজন করা হয়েছে।
ম্যাচ: ১৩ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। মেসি নিজে বলে পা না রাখলেও তাঁর উপস্থিতিতে খেলবে মোহনবাগান অলস্টার এবং ডায়মন্ড হারবার অলস্টার।
সম্মাননা: ভারতীয় ফুটবলে শতাব্দীপ্রাচীন ক্লাব মোহনবাগানের তরফ থেকে প্রীতি ম্যাচের বল গড়ানোর আগে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হবে ঐতিহাসিক শিল্ড জয়ের বিশেষ জার্সি।
মেসির এই সফর শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয়, এটি ভারতীয় ফুটবলের জন্য এক ঐতিহাসিক দিন হতে চলেছে।