কোন TMC MP সিগারেট খাচ্ছিলেন লোকসভায়? অনুরাগের অভিযোগে তুমুল বিতর্ক

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে সংসদের শীতকালীন অধিবেশন। বৃহস্পতিবার লোকসভায় উত্তেজনা ছড়াল ধূমপান করা নিয়ে। অধিবেশন চলাকালীন, লোকসভার অন্দরে বসে তৃণমূলের এক সাংসদ ই-সিগারেটে ‘সুখটান’ দিচ্ছিলেন বলে গুরুতর অভিযোগ তুললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। এই অভিযোগ ঘিরে সংসদের অন্দরে এবং বাইরে শোরগোল পড়ে গিয়েছে।

তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ

তৃণমূল সাংসদের নাম সরাসরি উল্লেখ না করেই অনুরাগ ঠাকুর এদিন অভিযোগ করেন, লোকসভার অন্দরে বসে লাগাতার ই-সিগারেট সেবন করা হচ্ছে। স্পিকার ওম বিড়লাকে এই বিষয়ে অবগত করে তিনি জানতে চান, এতে নিয়ম লঙ্ঘন হচ্ছে কি না।

অনুরাগ ঠাকুর বলেন, “সংসদে সকলকে অবগত করতে চাইছি, আমাদের দেশে ই-সিগারেট নিষিদ্ধ। তবে স্পিকার স্যরের কাছে আমার প্রশ্ন, আপনি কি সংসদের অন্দরে ই-সিগারেট সেবনের অনুমতি দিয়েছেন? দিনের পর দিন তৃণমূলের এক সাংসদ সংসদে বসেই ই-সিগারেট খেয়ে চলেছেন।”

স্পিকারের কড়া জবাব

অনুরাগ ঠাকুরের অভিযোগের কড়া জবাব দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, “এমন কোনও আইন নেই যেখানে কোনও সাংসদকে সংসদের অন্দরে ধূমপান করার অনুমতি দেওয়া হয়। যদি সত্যিই এমনটা হয়ে থাকে, আমার নজরে পড়ে তাহলে আমি যথাযথ ব্যবস্থা নেব।”

উল্লেখ্য, ২০১৯ সালের ‘ইলেকট্রনিক সিগারেট প্রহিবিশন অ্যাক্ট’-এর আওতায় দেশজুড়ে ই-সিগারেটের উৎপাদন, বিক্রি, আমদানি-রফতানি এবং বিজ্ঞাপন করা আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ।

তবে বিজেপি সাংসদ কোন তৃণমূল সাংসদের দিকে ইঙ্গিত করেছেন, তা এখনও জানা যায়নি। ফলে তৃণমূলের কোন সাংসদ লোকসভার অন্দরে আইন ভেঙে ই-সিগারেট সেবন করেছেন, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে।