‘নামবিভ্রাট’ থামছেই না সংসদে, নিজের বক্তব্যের সময় প্রধানমন্ত্রী মোদির নাম ভুল বললেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

শীতকালীন অধিবেশনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার পাশাপাশি চলছে ‘নামবিভ্রাট পর্ব’। এবার লোকসভার সংসদ কক্ষে দাঁড়িয়ে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম ভুল বলে বসলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
বুধবার নিজের বক্তব্যের সময় বিরোধী দলের এসআইআর (SIR) নিয়ে তীব্র কটাক্ষ করছিলেন এই বাংলার সাংসদ। সেই সময় তিনি বলেন, “আমাদের দেশে এখনও একজন প্রধানমন্ত্রী আছেন তাঁর নাম…”। এই কথা বলার পরই ঘটে বিভ্রাট। ‘নরেন্দ্র’ বলার পর মুহূর্ত থেমে তিনি বলে বসেন ‘বাজপেয়ী’, যদিও পরক্ষণেই তিনি নিজেকে সংশোধন করে বলেন, “নরেন্দ্র মোদি”।
গেরুয়া শিবিরের নেতার মুখেই প্রধানমন্ত্রীর নাম ভুল উচ্চারিত হওয়ায় স্বাভাবিকভাবেই সংসদে হাসির রোল ওঠে এবং চর্চা শুরু হয়।
আক্রমণ, কটাক্ষের মাঝে তাল কাট:
তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলায় নিজের বক্তব্য পেশ করছিলেন। তিনি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের দিকে আক্রমণ শানাচ্ছিলেন, নিশানায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়েও কড়া মন্তব্য করেন তিনি। এসবের মাঝেই প্রধানমন্ত্রীর নাম ভুল বলায় তাঁর বক্তব্যে তাল কাটে।
মোদি, শেখাওয়াতের পর অভিজিৎ:
এই অধিবেশনেই আগেও নাম বিভ্রাট নিয়ে জোর চর্চা হয়েছে। সোমবার ‘বন্দে মাতরম’ নিয়ে বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে উল্লেখ করেছিলেন। তৃণমূল সাংসদ সৌগত রায় তাঁকে ভুল শুধরে দিয়ে ‘বাবু’ বলার পরামর্শ দিলে মোদি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন। শুধু তাই নয়, মোদি ‘পুলিনবিহারী দাস’-এর জায়গায় ‘পুলিনবিকাশ’ বলে ফেলেন এবং বঙ্কিম’এ ‘দা’ বলার জন্য বাধা পাওয়ায়, তিনি ‘মাস্টারদা’র থেকে ‘দা’ বাদ দিয়েও বসেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।
প্রধানমন্ত্রীর ভুল শুধরে যাওয়ার দু’দিন পর, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতও লোকসভায় ‘বন্দে মাতরম’ রচনার সময় বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিম দাস চ্যাটার্জি’ বলে উল্লেখ করেন। এই বক্তব্যের পরেও তুমুল হইচই হয়। সোম ও বুধবার—সংসদে নামবিভ্রাটের এই পুনরাবৃত্তি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।