দুরন্ত কামব্যাক! ০-২ গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতল ভারত

পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপে (Men’s FIH Hockey Junior World Cup 2025) ভারতীয় দল এক দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ব্রোঞ্জ পদক জয় করে নিল। বুধবার চেন্নাইয়ে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে ভারত ৪-২ গোলে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনাকে পরাজিত করে।

ম্যাচের শুরুটা ভারতের জন্য মোটেও ভালো ছিল না। আর্জেন্টিনা নিকোলাস রডরিগেজ এবং স্যান্তিয়াগো ফার্নান্ডেজের গোলে দ্রুত ০-২ ব্যবধানে এগিয়ে যায়। অনেকেই যখন ধরে নিয়েছিলেন, ভারতীয় দল ফের চতুর্থ স্থানেই শেষ করতে চলেছে, ঠিক তখনই তরুণ খেলোয়াড়রা হাল না ছেড়ে পাল্টা লড়াই শুরু করেন। ভারতের হয়ে গোলগুলি করেন অঙ্কিত পাল, মনপ্রীত সিং, শ্রদ্ধানন্দ তিওয়ারি ও আনমোল এক্কা, যার ফলে জয় নিশ্চিত হয়।

‘চারের গেরো’ কাটল:

উল্লেখ্য, ২০১৬ সালে লখনউয়ে জুনিয়র হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ভারত এই টুর্নামেন্টে টানা চতুর্থ স্থান পাচ্ছিল। এবার সেই গেরো কাটল। এটাই জুনিয়র হকি বিশ্বকাপে ভারতের প্রথম ব্রোঞ্জ পদক জয়।

কোচ হিসেবে শ্রীজেশের সাফল্য:

ভারতের সিনিয়র দলের প্রাক্তন গোলকিপার পি আর শ্রীজেশ, যিনি অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন, এবার কোচ হিসেবেও সাফল্য পেলেন। সেমি-ফাইনালে জার্মানির কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে যাতে খেলোয়াড়রা একই ভুল না করে, তা নিশ্চিত করতে চেয়েছিলেন শ্রীজেশ। যদিও ম্যাচের শুরুতে সেই ভুল দেখা গিয়েছিল, কিন্তু পরপর চার গোল করে দল যেভাবে জয় ছিনিয়ে আনল, তাতে কোচের কৌশল প্রশংসিত হয়েছে।