গুরুতর খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, লন্ডনে যাওয়া স্থগিত, উদ্বেগ প্রকাশ করলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে একটি সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া ইমেল সাক্ষাৎকারে হাসিনা দ্রুত খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন।

শেখ হাসিনা আইএএনএস-কে জানিয়েছেন, “বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে আমি গভীর ভাবে উদ্বিগ্ন। আমি আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

লন্ডনযাত্রা স্থগিত:

এদিকে, বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গুরুতর শারীরিক অবস্থার কারণে খালেদা জিয়ার আধুনিক চিকিৎসার জন্য তাঁকে লন্ডন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। কর্তব্যরত মেডিক্যাল টিম মনে করছে, তাঁর স্বাস্থ্য এতটাই নাজুক যে এই মুহূর্তে এয়ার অ্যাম্বুল্যান্সেও তাঁকে অন্য কোথাও স্থানান্তরিত করা সম্ভব নয়। তাই ঢাকাতেই তাঁর চিকিৎসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার বয়স (৮০ বছর) দ্রুত সুস্থ হয়ে না ওঠার পিছনে একটি বড় কারণ। বর্তমানে তাঁর প্রতিদিনই ডায়ালিসিস চলছে। ডায়াবেটিস, কিডনি, ফুসফুস-সহ অন্য শারীরিক সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে।

হাসিনা-মোদী উভয়েরই সহানুভূতি:

রাজনৈতিক বিশ্লেষকরা শেখ হাসিনার এই বার্তাটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। কারণ, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে বিএনপির অংশীদারিত্ব কম ছিল না। ঘোর রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিও হাসিনা যে সৌজন্য বজায় রাখলেন, তা রাজনৈতিক মহলে চর্চার বিষয়।

এর আগে, খালেদা জিয়ার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সহানুভূতি প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। আমি আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন।”

Dipak Barman01
  • Dipak Barman01