ভারতে স্বাস্থ্য পরিষেবার কী হাল! কাঁচা হাতে শিরা কেটে রক্তক্ষরণ, বেআইনি ক্লিনিকের কীর্তিতে হতবাক পুলিশ

ইউটিউবের ভিডিও দেখে মদ্যপ অবস্থায় এক রোগীর ওপর অস্ত্রোপচার চালানোর মতো ভয়াবহ ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বারাবাঁকিতে। এই কাণ্ড ঘটিয়েছে একটি বেআইনি ক্লিনিক, যার ফলে মুনিসরা রাওয়াত নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনা সামনে আসতেই সিল করে দেওয়া হয়েছে ক্লিনিকটি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পেটে ব্যথা নিয়ে গত ৫ ডিসেম্বর মুনিসরা রাওয়াতকে তাঁর স্বামী বারাবাঁকির কোঠি এলাকার ‘দামোদর ঔষধালয়’ নামে ওই ক্লিনিকে নিয়ে যান। ক্লিনিকের দায়িত্বে থাকা জ্ঞানপ্রকাশ মিশ্র মহিলাকে পরীক্ষা করে জানান, পেটে পাথর জমার কারণেই যন্ত্রণা হচ্ছে এবং অস্ত্রোপচারের জন্য ২৫ হাজার টাকা খরচ হবে।
মদ্যপ অবস্থায় কাঁচা হাতে অপারেশন!
অভিযোগ, অস্ত্রোপচারের জন্য অগ্রিম ২০ হাজার টাকা দেওয়ার পরেই ঘটে চরম বিপত্তি। মৃত মহিলার স্বামী পুলিশের কাছে অভিযোগ করেছেন, অভিযুক্ত জ্ঞানপ্রকাশ মিশ্র মদ্যপ অবস্থায় ইউটিউবে অস্ত্রোপচারের ভিডিও দেখতে দেখতেই তাঁর স্ত্রীর পেটে কাটাছেঁড়া শুরু করেন! কাঁচা হাতে অস্ত্রোপচার করতে গিয়ে জ্ঞানপ্রকাশ মহিলার পেটে গভীর ক্ষত তৈরি করে ফেলেন এবং একাধিক শিরা কেটে যায়। এর ফলস্বরূপ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরের দিন অর্থাৎ ৬ ডিসেম্বর মৃত্যু হয় ওই মহিলার।
অভিযোগ উঠেছে, জ্ঞানপ্রকাশ একা নন, তাঁর ভাইপো বিবেককুমার মিশ্রও এই অবৈধ অস্ত্রোপচারে সাহায্য করেন। পুলিশ জানিয়েছে, বিবেক রায়বরেলির একটি সরকারি আয়ুর্বেদিক হাসপাতালে কাজ করেন এবং সেই প্রভাব খাটিয়েই অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এই বেআইনি ক্লিনিক চালাচ্ছিল।
মহিলার মৃত্যুর পরই নড়েচড়ে বসেছে পুলিশ। ক্লিনিকটি সিল করে দেওয়া হয়েছে। অভিযুক্ত জ্ঞানপ্রকাশ মিশ্র এবং তাঁর ভাইপো বিবেকের বিরুদ্ধে গাফিলতির কারণে মৃত্যু (Death by Negligence) সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে দুই অভিযুক্তেরই খোঁজ শুরু করেছে পুলিশ।