বিশ্বের দরবারে ভারতের বিরাট জয়! ইউনেস্কোর হেরিটেজ তালিকায় দীপাবলি, গর্বে বুক ফুলবে প্রতিটি ভারতবাসীর

দিল্লির লাল কেল্লায় রচিত হলো এক নতুন ইতিহাস। ভারতের প্রাণের উৎসব দীপাবলি এখন আর শুধু ভারতের নয়, বরং সারা বিশ্বের। ইউনেস্কো (UNESCO) দীপাবলিকে ‘মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ (Intangible Cultural Heritage of Humanity)-এর তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার দিওয়ান-ই-আম-এ অনুষ্ঠিত ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল কমিটির ২০তম অধিবেশনে এই ঐতিহাসিক ঘোষণা করা হয়। ইউনেস্কোর মহাপরিচালক যখনই দীপাবলির নাম ঘোষণা করেন, গোটা অডিটোরিয়াম ফেটে পড়ে করতালিতে। আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে ‘বন্দেমাতরম’, ‘ভারত মাতা কি জয়’ এবং ‘জয় হিন্দ’ ধ্বনিতে। সংস্কৃতি মন্ত্রকের আধিকারিকরা এটিকে ভারতের সাংস্কৃতিক সমৃদ্ধির এক বিশাল বিশ্বজনীন স্বীকৃতি হিসেবে চিহ্নিত করেছেন।

প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা এই আনন্দে সামিল হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন, “ভারত এবং বিশ্বের মানুষ এই খবরে উচ্ছ্বসিত। দীপাবলি আমাদের কাছে কেবল একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের সভ্যতার আত্মা এবং সত্য ও আলোর প্রতীক। ভগবান শ্রী রামের আদর্শ আমাদের পথ দেখাক। জয় সিয়ারাম!”

এক নজরে গর্বের পরিসংখ্যান:

  • দীপাবলি যুক্ত হওয়ার ফলে ভারতের মোট ১৬টি ঐতিহ্য এখন ইউনেস্কোর তালিকায় স্থান পেল।

  • এর আগে কলকাতার দুর্গাপূজা, গুজরাটের গরবা, কুম্ভমেলা, যোগব্যায়াম এবং বৈদিক জপ এই সম্মান পেয়েছে।

  • সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, “এটি অন্ধকারের ওপর আলোর বিজয়ের প্রতীক। আজ লাল কেল্লায় ভারতীয় সংস্কৃতি পুনরায় জয়ী হলো।”

ইউনেস্কোর এই স্বীকৃতি দীপাবলিকে বিশ্বমঞ্চে সংরক্ষণ ও প্রচারে নতুন মাত্রা দেবে।