দূষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্য’, ফেলে দেওয়া প্লাস্টিক বোতলে ৩-৪ কেজি আবর্জনা ভরে তৈরি হচ্ছে ‘প্লাস্টিকের ইঁট’

দূষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন মালদহ কলেজের ছাত্র-ছাত্রীরা। বাড়ির আশপাশ থেকে রাস্তাঘাট, বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী কুড়িয়ে সেই আবর্জনা প্লাস্টিককে ব্যবহার করে ‘ইকো ব্রিক্স’ (Eco Bricks) বা ইঁট তৈরি করে নজর কাড়লেন তাঁরা। ফেলে দেওয়া প্লাস্টিকের বোতলে আবর্জনা ভরে এই ইকো ব্রিক্স তৈরি করে কলেজ ক্যাম্পাসে নির্মাণ করলেন আস্ত একটি সেলফি জোন।
ইকো ব্রিক্স তৈরির পদ্ধতি
এক কলেজ পড়ুয়া অর্পিতা পাল জানান, বর্তমানে সমাজে ব্যাপকভাবে প্লাস্টিক ব্যবহারের প্রচলন দেখা দিচ্ছে, যার ফলে পরিবেশ দূষণ বাড়ছে। তাই দূষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে ইকো ব্রিক্স তৈরি করা হচ্ছে।
উপাদান: তাঁরা এক একটি বোতলে তিন থেকে চার কেজি কুড়ানো আবর্জনা প্লাস্টিক ভরে শক্ত করে ইকো ব্রিক্স তৈরি করছেন।
উদ্দেশ্য: এই ইকো ব্রিক্স থেকে তাঁরা বিভিন্ন রকম নির্মাণ করছেন।
শিক্ষক মহলের প্রশংসা
এই বিষয়ে মালদহ কলেজের শিক্ষক সংসদের সম্পাদক পীযূষ কান্তি সাহা জানান, পড়ুয়াদের এমন উদ্যোগ প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ ও পরিবেশবান্ধব পরিকল্পনায় সাধারণ মানুষকে সচেতন করবে।
শিক্ষকের বক্তব্য: তিনি বলেন, “বাংলা, অংক, রাষ্ট্রবিজ্ঞান সহ একাধিক বিভাগের ছাত্র-ছাত্রীরা নিজেরাই এমন উদ্যোগ গ্রহণ করেছে। তাঁদের এমন চিন্তাভাবনা আগামীতে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার জন্য অন্যতম ভূমিকা পালন করবে।”
মালদহ কলেজ ক্যাম্পাসে স্থাপিত ইকো ব্রিক্স ইউনিটে এসে পড়ুয়ারা প্রতিদিন দুটি তিনটি করে আবর্জনা প্লাস্টিক ভর্তি বোতল এনে জমা করছেন। সেই প্লাস্টিক দিয়েই তৈরি হচ্ছে কলেজের একাধিক আধুনিক নির্মাণ। কলেজ পড়ুয়াদের এমন অভিনব নির্মাণ দেখে অধ্যাপক থেকে শিক্ষক মহল সকলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।