‘মনোমুগ্ধকর কণ্ঠ ও গিটারের জাদু’, স্বপ্ন সুব্রত হাইস্কুলে বিশেষ সম্বর্ধনা পেলেন খুদে শিল্পী সাগ্নিক-তিয়াসা

পুরুলিয়া জেলার মানবাজারের স্বপন সুব্রত হাইস্কুলের দুই খুদে শিল্পী সাগ্নিক সুপকার ও তিয়াসা হালদার বর্তমানে গোটা বাংলার গর্ব। তাদের অসাধারণ গায়কী প্রতিভা এবং মোহনীয় কণ্ঠস্বর ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে। গিটারিস্ট সাগ্নিক এবং সঙ্গীত শিল্পী তিয়াসা বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো-তে ‘রকস্টার জুটি’ হিসাবে ব্যাপক প্রশংসা কুড়োচ্ছে। নতুন প্রজন্মের এই দুই তারকা তাদের একের পর এক রকিং পারফরম্যান্সের মাধ্যমে বাংলার মঞ্চ মাতিয়ে দিচ্ছে।

স্কুলের পক্ষ থেকে বিশেষ সম্মাননা

তাদের এই সাফল্যকে আরও উজ্জ্বল করে তুলতে, তাদের নিজেদের স্কুল স্বপন সুব্রত হাইস্কুলে এক বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই দুই শিল্পীকে বিশেষ সম্মান জানান।

শুধু তাই নয়, তাদের এই কঠিন পথচলায় যাঁরা সবসময় পাশে থেকেছেন, সেই দুই শিল্পীর অভিভাবকদেরও সম্মাননা জানানো হয়। একইসঙ্গে সম্বর্ধনা দেওয়া হয় পুরো টিমকেও, যারা এই জুটিকে প্রস্তুত করতে সাহায্য করেছে।

সম্বর্ধনা অনুষ্ঠানে সাগ্নিকের চমৎকার গিটারের সুর এবং তিয়াসার মনোমুগ্ধকর কণ্ঠের মিশ্রণে একটি জমজমাট পারফরম্যান্স অনুষ্ঠিত হয়, যা বিদ্যালয়ের সকল উপস্থিতিকে মুগ্ধ করে।

শিল্পীদের প্রতিক্রিয়া

খুদে গিটারিস্ট সাগ্নিক তার প্রতিক্রিয়ায় জানায়, “আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম ভালোবাসা ও আশীর্বাদ জানানোর জন্য।”

অন্যদিকে, সঙ্গীত শিল্পী তিয়াসা জানায়, “নিজের স্কুলে অনুষ্ঠান করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি খুবই আনন্দিত।”

স্বপন সুব্রত হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক নীলোৎপল দত্ত বলেন, “আমাদের গর্ব ছোট্ট সাগ্নিক ও তিয়াসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পাশাপাশি উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।” সাগ্নিক ও তিয়াসার এই সাফল্য শুধুমাত্র বিদ্যালয়ের গর্বই নয়, পুরুলিয়ার নামকেও উজ্জ্বল করেছে। তাদের আগামী পথচলা আরও স্বপ্নময় হোক, এই কামনাই রইল।

Dipak Barman01
  • Dipak Barman01