সেরা নির্দেশনা, সেরা অভিনেতা-অভিনেত্রী! মঞ্চে বাজিমাত করে জাতীয় স্তরে অর্থ মন্ত্রকের প্রতিনিধিত্ব করবে আয়কর দল

দেশের প্রত্যক্ষ কর নীতি পরিচালনা এবং বিপুল পরিমাণ রাজস্ব সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সামলায় ভারতের আয়কর বিভাগ (Income Tax Department)। সেই ব্যস্ততা ও কাজের চাপ সত্ত্বেও নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রক নাট্য প্রতিযোগিতা ২০২৫-এ সেরার সম্মান কুড়োল দিল্লি আয়কর দফতরের নাট্যদল।

কথায় আছে, যে রাঁধে সে চুলও বাঁধে—এই প্রবাদকে যেন সত্যি প্রমাণ করল আয়কর দফতরের কর্মীরা। ভারত সরকারের অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের অধীনে কাজ করা এই দফতরটি শুধু কর সংগ্রহ ও কর ফাঁকি রোধই নয়, মঞ্চেও নিজেদের প্রতিভা প্রমাণ করল।

দিল্লির আয়কর দফতর টুইট করে জানিয়েছে, তাদের পরিবেশিত নাটক ‘গগন দামামা বাজেয়’ সেরা প্রযোজনা হিসেবে স্বর্ণপদক জিতে নিয়েছে। পাশাপাশি, অভিনব নির্দেশনা এবং অভিনয় দক্ষতার জন্য একাধিক ব্যক্তিগত পুরস্কারও গিয়েছে দলের ঝুলিতে।

ব্যক্তিগত বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন:

সেরা নির্দেশনা (সোনা): সন্তোষকুমার গুপ্ত

সেরা অভিনেত্রী (সোনা): কনিকা পাটওয়াল

সেরা পার্শ্ব অভিনেতা (সোনা): পবন গুপ্ত

সেরা অভিনেত্রী (ব্রোঞ্জ): অনিতা কুমারী

সেরা অভিনেতা (ব্রোঞ্জ): প্রখর ত্রিপাঠী

এই সাফল্যে উচ্ছ্বসিত দলের সদস্যরা জানিয়েছেন, মঞ্চে এমন সম্মান প্রতিভা ও নিবিড় প্রস্তুতিরই স্বীকৃতি।

আয়কর দফতরের এই নাট্যদল এখন অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জাতীয় স্তরের চূড়ান্ত পর্বে প্রতিনিধিত্ব করবে। দেশের আর্থিক শৃঙ্খলার মূল দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT)-এর অধীনে কর্মরত এই দফতরের এমন সাংস্কৃতিক সাফল্য নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।

Dipak Barman01
  • Dipak Barman01