৫ কোটি টাকা ব্যয়ে সেজে উঠবে কলকাতা! পার্ক স্ট্রিট সহ শহরের ৬ এলাকা আলোর রোশনাইতে ঝলমলে

ডিসেম্বর মাস পড়তেই শহরজুড়ে শুরু হয়ে যায় বর্ষ বিদায় ও বর্ষ বরণের প্রস্তুতি। এই সময়ে রাতের কলকাতাকে আরও মোহময়ী করে তুলতে প্রস্তুতি তুঙ্গে কলকাতা কর্পোরেশনের। চলতি বছর আনুমানিক ৫ কোটি টাকা ব্যয়ে শহরের পাঁচটি প্রধান এলাকা সেজে উঠবে বাহারি আলোর মালায়।
কলকাতা কর্পোরেশন (কেএমসি) সূত্রে খবর, ইতিমধ্যেই আলোকসজ্জার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। দ্রুত শুরু হবে আলো লাগানোর কাজ। যে পাঁচটি জায়গায় আলোকসজ্জা করা হবে তার মধ্যে রয়েছে পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট ফ্লাইওভার, বো ব্যারাক, অ্যালেন পার্ক, হরিশ মুখার্জি রোড এবং হরিশ চ্যাটার্জি রোড। এলইডি (LED) আলো দিয়ে এই সমস্ত এলাকা সাজিয়ে তোলা হবে।
আলো জ্বলবে ১৮ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি
কেএমসি জানিয়েছে, ডিসেম্বরের ১৮ তারিখ থেকে শুরু করে নতুন বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত এই বাহারি আলোর মালা জ্বলবে। দিনের আলো ফুরোলেই এই সমস্ত স্থান আলোর রোশনাইয়ে ঝলমলিয়ে ওঠে, যা কলকাতায় আগাম উৎসবের আগমন বার্তা দেয়। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ পার হলেই প্রায় গোটা শহর ছুটি-উৎসবের মেজাজে চলে যায়। এই সময় চিড়িয়াখানা, জাদুঘর, ও বিনোদন পার্কগুলিতে উপচে পড়া ভিড়কে আরও আলোকিত করে তোলে শহরের এই শীতকালীন আলোকসজ্জা।
আলোক বিভাগের মেয়র পারিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি জানান, “প্রতি বছর মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই শহরকে সাজিয়ে তোলা হয়। বহু মানুষ কলকাতা ঘুরে দেখতে আসেন। আলোকজ্জ্বল শহর তাঁদের স্বাগত জানায় এবং বছর শেষের বিষাদ ভুলে নতুন বছরকে বরণ করার উৎসাহ যোগায়। এই সমস্ত সজ্জিত স্থানগুলিতে অসংখ্য মানুষ ভিড় জমান এবং শীতের আমেজ উপভোগ করেন।”
উল্লেখ্য, এই আলোকসজ্জার ব্যয়ের ক্ষেত্রে পার্ক স্ট্রিট ও বো ব্যারাক এই দুটি জায়গার খরচ বহন করে রাজ্যের পর্যটন দফতর। বাকি জায়গাগুলির আলোকসজ্জার খরচ বহন করে কলকাতা কর্পোরেশন। এই সময়ে এই সমস্ত এলাকাকে ঘিরে বহু মানুষের রুটি-রুজি তৈরি হয়।