পশ্চিম মেদিনীপুরের পিংলা, ধান খেতের নাড়া পোড়ানো ঘিরে অগ্নি-বিপর্যয়, সর্বস্বান্ত ভাগচাষি

ধান চাষের পর জমিতে নাড়া পোড়ানো দণ্ডনীয় অপরাধ। আইনের চোখে বুড়ো আঙুল দেখিয়ে সেই কাজ করতে গিয়েই পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার দুজিপুর এলাকায় ঘটে গেল মারাত্মক বিপত্তি। এক কৃষিজীবীর নাড়া পোড়ানোর অনিয়ন্ত্রিত আগুন দ্রুত ছড়িয়ে একাধিক বিঘে জমির পাকা ধান, ফসল এবং সেচের সরঞ্জাম ভস্মীভূত করে দিয়েছে। রবিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গেছে, রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুজিপুর এলাকায় অনুপ মাইতি নামে এক ব্যক্তি তাঁর জমিতে নাড়া পোড়ানোর কাজ শুরু করেন। অভিযোগ, মুহূর্তের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দ্রুত আশপাশের জমিতে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত শ্রীহরি টুডু, যিনি একজন দরিদ্র ভাগচাষী, জানিয়েছেন— তিনি পাশের গ্রাম থেকে এসে প্রায় তিন বিঘে জমিতে ধান চাষ করেছিলেন। কিন্তু আগুনে পুড়ে তিনি আজ সর্বস্বান্ত। তিনি বলেন, “অনুপ মাইতি নাড়া পোড়াতে গিয়ে আমার তিন বিঘে জমির ধান পুড়িয়ে দিয়েছে। আমি চাই পুড়ে যাওয়া ধানের ক্ষতিপূরণ ফিরিয়ে দিক অনুপ মাইতি।”

অন্য এক ক্ষতিগ্রস্ত কৃষক কুশধ্বজ দোলাইয়ের অভিযোগ, আগুনের কারণে তাঁর রজনী ফুলের জমির প্রায় ৯০০ ফুট জলনির্গমন পাইপ এবং নেটসাব সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তিনি জানান, “মুহূর্তের মধ্যেই আগুন একাধিক ধান জমিতে ছড়িয়ে পড়ে। আমরা ক্ষতিপূরণ চাই এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।” সব মিলিয়ে প্রায় আড়াই বিঘা ধান ও আনুষঙ্গিক সরঞ্জাম পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের।

স্থানীয় পঞ্চায়েত সদস্য শীতল কুমার ওঝা জানান, দ্রুত ছড়িয়ে পড়া আগুনে প্রায় ২০০ বিঘা এলাকার এক চাষী ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকার মানুষজন আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্র উত্তরের হাওয়ার কারণে তা নিয়ন্ত্রণ করা সহজ হয়নি। তিনি প্রশাসনের কাছে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীর কঠোর বিচারের দাবি জানিয়েছেন।

এদিকে অভিযুক্ত অনুপ মাইতি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, “আমি আগুন ধরাতে যাইনি—এমন কোনও কাজ আমার থেকে হয়নি। ঘটনাটি কীভাবে ঘটেছে, পুলিশের তদন্তেই পরিষ্কার হবে।”

জেলা জুড়ে নাড়া পোড়ানো বন্ধের সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও কৃষকদের একাংশের এই আইন ভাঙার প্রবণতা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Dipak Barman01
  • Dipak Barman01