বাতিল-দেরি তো ছিলই, এবার ‘পায়রা বিভ্রাট’! বেঙ্গালুরু থেকে ভদোদরাগামী ইন্ডিগো ফ্লাইটের ভিতরে ‘অবাঞ্ছিত অতিথি’, শোরগোল সোশ্যাল মিডিয়ায়!

বিমান বাতিল ও দেরির চরম অস্থিরতার মধ্যে থাকা ইন্ডিগো (IndiGo) সংস্থার আরও একটি অদ্ভুত ঘটনা সামনে এল। বেঙ্গালুরু থেকে ভদোদরা (Bengaluru to Vadodara) যাওয়ার কথা ছিল যে ফ্লাইটটির, টেক অফের আগেই তার কেবিনের ভিতরে উড়তে দেখা গেল একটি পায়রা!
যাত্রীদের মাথার ওপর অনাকাঙ্ক্ষিত এই অতিথি চক্কর কাটতে শুরু করতেই কেবিনের ভিতরে মুহূর্তেই ছটফটানির পরিস্থিতি তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যাবিন ক্রু থেকে শুরু করে যাত্রীরা, সবাই মিলে সেই পায়রাটিকে ধরার চেষ্টা করছেন। কেউ মাথা নিচু করে আছেন, কেউ বা ক্যামেরায় তুলে ধরছেন এই বিরল দৃশ্য। ইন্ডিগোর সাম্প্রতিক বিপর্যয়ের মাঝে এই ঘটনা যাত্রীদের জন্য কিছুটা মজার খোরাক জুগিয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওটি একজন যাত্রী ইনস্টাগ্রামে পোস্ট করেন, ক্যাপশনে লেখেন, “ফ্লাইটে সারপ্রাইজ গেস্ট… এক মুহূর্তের আনন্দ আর হাসি!”
সোশ্যাল মিডিয়ায় তুমুল প্রতিক্রিয়া
ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় মজার মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন ঠাট্টা করে লিখেছেন, “ওর তো বার্ডিং পাস (Boarding Pass) ছিল!” আরেকজনের মন্তব্য, “এক্সট্রা সোল (Soul) অন বোর্ড।” অনেকে আবার খোঁচা দিয়ে বলেছেন, “ইন্ডিগোর এমন সময় চলছে যে এখন আর অবাক হওয়ার কিছু নেই।” একজন তো সরাসরি কটাক্ষ করেছেন, “পায়রা ইন্ডিগোর চেয়ে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যাবে!”
ইন্ডিগো-র চরম বিপর্যয়
প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরে ইন্ডিগো ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। সরকারি সূত্রে খবর, সংস্থাটি প্রায় ৪,৫০০-রও বেশি ফ্লাইট বাতিল করেছে, যার ফলে দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন। সরকারি হস্তক্ষেপ এবং জরুরি নির্দেশিকা জারি হওয়া সত্ত্বেও বিমানবন্দরগুলিতে ভিড়, বিভ্রান্তি এবং ফ্লাইট দেরির সমস্যা কিছুতেই কমছে না। যদিও ইন্ডিগো জানিয়েছে, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু সোমবার সকালেও প্রায় ৪০০-র বেশি ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া গেছে।