শিক্ষকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! ‘ছাত্রের মাকে নিয়ে চম্পট’, ফাইনাল পরীক্ষার মুখে স্কুলে চরম বিশৃঙ্খলা, পথে নামল অভিভাবক-ছাত্ররা!

স্কুলের এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যাওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লক্ষ্মণপুর সম্মিলনী বিদ্যামন্দিরে এই অভিযোগকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই প্রধান গেটে বিক্ষোভে ফেটে পড়ল ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, ওই বিদ্যালয়ের কম্পিউটার বিভাগের শিক্ষক গত রবিবার তাঁর গ্রামেরই এক ছাত্রের মাকে নিয়ে পালিয়ে যান। এই ঘটনা জানাজানি হতেই সোমবার সকালে ফাইনাল পরীক্ষার ঠিক মুখে চরম বিশৃঙ্খলা তৈরি হয় বিদ্যালয় চত্বরে।
বিক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা প্রশ্ন তোলে, যিনি তাদের শিক্ষা দেন, তাঁর চরিত্র নিয়েই যদি এমন প্রশ্ন ওঠে, তবে তারা কী শিখবে? অবিলম্বে অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারের দাবিতে সকলে সোচ্চার হন। বিক্ষোভের কারণে বিদ্যালয় চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সিমলাপাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশের আশ্বাসে ছাত্র-ছাত্রীরা শেষ পর্যন্ত বিক্ষোভ তুলে নিলে বিদ্যালয়ে স্বাভাবিক পঠন-পাঠন পুনরায় শুরু হয়। অন্যদিকে, অভিযুক্ত শিক্ষকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন সুইচ অফ রয়েছে এবং তাঁকে খুঁজে পাওয়া যায়নি।