মাঝরাতে সিলিন্ডার বিস্ফোরণ, গোয়ার নাইটক্লাবে আগুন, ২৫ জনের মর্মান্তিক মৃত্যু! দমকল পৌঁছানোর আগেই ভয়াবহ পরিণতি

গোয়ার উত্তর গোয়ার আরপোরায় জনপ্রিয় নাইটক্লাব ‘বার্চ বাই রোমিও লেন’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গোয়া পুলিশ জানিয়েছে, রাত আনুমানিক ১টা নাগাদ ক্লাবের রান্নাঘর সংলগ্ন এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে আগুন গোটা কাঠামোয় ছড়িয়ে পড়ে, যার ফলে কর্মীদের পালানোর সুযোগ প্রায় ছিল না।

বিজেপি বিধায়ক মাইকেল লোবোর মতে, মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছেন। এঁদের মধ্যে কয়েকজন পর্যটক থাকলেও অধিকাংশ ছিলেন মূলত বেসমেন্টে কর্মরত স্থানীয় কর্মী। তিনি জানান, বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে দমবন্ধ হয়ে, কারণ আতঙ্কে অনেকেই বেসমেন্টের দিকে দৌঁড়েছিলেন। প্রাথমিক রিপোর্ট অনুসারে, মৃতদের মধ্যে মাত্র দু’জনের শরীর সরাসরি দগ্ধ হলেও বাকিরা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত জানিয়েছেন, নিহতদের মধ্যে ‘তিন থেকে চার জন পর্যটক’ ছিলেন এবং বেশিরভাগই ক্লাবের রান্নাঘরের কর্মী। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহত অবস্থায় সাত জনকে উদ্ধার করা হয়েছে, যাঁদের মধ্যে এক জনের শরীরের ৬০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, নাইটক্লাব বন্ধের প্রস্তুতির সময় রান্নাঘরে গ্যাস লিক হওয়া থেকেই এই বিস্ফোরণ ঘটে।

এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী দুর্ঘটনাটিকে “অত্যন্ত বেদনাদায়ক” বলে উল্লেখ করে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন।

অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষ নাইটক্লাবটি সিল করে দিয়েছে। মালিক এবং ম্যানেজমেন্টকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্লাবের গ্যাস সংযোগ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং জরুরি নির্গমন পথের নিরাপত্তা বিধি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বিধায়ক মাইকেল লোবো দ্রুত সমস্ত ক্লাব ও রেস্তোরাঁয় অগ্নিনির্বাপণ অডিট করার কথা জানিয়েছেন। বৈধ অনুমতি দেখাতে না পারলে লাইসেন্স বাতিল করা হবে। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং জেলা প্রশাসনও পৃথক তদন্ত শুরু করেছে।