‘SIR আটকাতে গেলে রাষ্ট্রপতি শাসন করত!’: মুর্শিদাবাদে দাঁড়িয়ে কেন অবস্থান বদল মমতার? ফাঁস করলেন অমিত শাহের ‘চালাকি’

রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে বিজেপি বারবার কটাক্ষ করেছে— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আগের অবস্থান থেকে সরে এসে কেন এটি আটকাতে পারলেন না? বৃহস্পতিবার মুর্শিদাবাদের প্রশাসনিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সেই সমালোচনারই জবাব দিলেন। একই সঙ্গে তিনি দাবি করেন যে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘চালাকি’ তিনি ধরে ফেলেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “SIR-এর নামে ভয় পাবেন না। শুধু নিজেদের কাগজগুলো ঠিকমতো জমা দিন। ওরা টাইম বেছে নিয়েছে। যদি না করতে দিতাম। তাহলে ভোট না করে রাষ্ট্রপতি শাসন করত। বুঝেছেন অমিত শাহের চালাকিটা?”

বস্তুত, মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন যে বাংলায় তিনি এসআইআর করতে দেবেন না। এর পাল্টা বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মন্তব্য করেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফর্ম নিয়েছেন, অর্থাৎ তিনি এসআইআর মেনে নিয়েছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, কেন তিনি বাধ্য হয়ে প্রক্রিয়াটি চলতে দিলেন।

‘কাউকে বিতাড়িত হতে দেব না’— সোনালি খাতুনকে ফেরানোর প্রতিশ্রুতি

এদিন মুর্শিদাবাদের সভা থেকে মুখ্যমন্ত্রী আরও একবার জনগণকে আশ্বস্ত করে বলেন, সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “নিশ্চিন্তে থাকুন আপনাদের নিরাপত্তা অধিকার সুরক্ষিত। কেউ বিতাড়িত হবেন না। আর বিতাড়িত হলে মৎস্যজীবীদের ফিরিয়ে আনি তেমনই আনব।”

তিনি সম্প্রতি বাংলাদেশে পুশব্যাক হওয়া অন্তঃসত্ত্বা সোনালি খাতুনের প্রসঙ্গটিও উল্লেখ করেন। মমতা জানান, “সোনালী খাতুনের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। উনি গর্ভবতী মা। কেস করে বলেছি ফিরিয়ে আনতে হবে।” তিনি স্মরণ করিয়ে দেন, সুপ্রিম কোর্ট সোনালিকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। এই ঘটনাকে হাতিয়ার করে তিনি জনগণকে অভয় দেন যে, সরকার প্রতিটি বিতাড়িত মানুষের পাশে দাঁড়াবে।