আধার-ভোটার কার্ডেও কাজ হচ্ছে না! জন্ম সার্টিফিকেট না থাকায় উদ্বিগ্ন মানুষ, অফিস কামাই করেও ছুটছেন পুরসভায়

রাজ্যে SIR (State Identification Register)-এর আবহে কলকাতা পুরসভায় জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নেওয়ার জন্য নাগরিকদের লম্বা লাইন দেখা যাচ্ছে। জন্ম সার্টিফিকেটের খোঁজে অনেকেই পুরসভায় ভিড় জমাচ্ছেন, যাদের অনেকেই তা না পেয়ে জিজ্ঞাসাবাদে পুর কর্তৃপক্ষকে নাজেহাল করছেন।

মেয়রের নির্দেশে নতুন পদক্ষেপ: এই পরিস্থিতিতে মেয়রের নির্দেশে কলকাতা পৌরসভা বেশ কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে। আগে শুধুমাত্র অনলাইনে স্লট বুক করে দিনে সর্বোচ্চ ১৫০টি সার্টিফিকেট ইস্যু করা হত। এখন সেই সংখ্যা বাড়ানো হয়েছে।

কাউন্টার বৃদ্ধি: ৬ নম্বর গেটের পাশাপাশি এখন সিংহ দুয়ারে (২ নম্বর গেট) আরও একটি কাউন্টার খোলা হয়েছে।

হেল্প ডেস্ক: সিংহ দুয়ারে প্রবেশ পথেই বসানো হয়েছে হেল্প ডেস্ক বা অনুসন্ধান ডেস্ক। এখানে কী কী তথ্য দিলে সার্টিফিকেট পাওয়া যাবে বা কী সমস্যা হচ্ছে, সেই অনুযায়ী পুরকর্মীরা সমাধান দিচ্ছেন।

ডেস্ক বিভাজন: সিংহ দুয়ারে এনকোয়ারি, ডিসিবিন ডেস্ক, ডেসপ্যাচ ডেস্ক এবং সাব-রেজিস্ট্রার ও প্রিন্টিং ডেস্কের মতো একাধিক ডেস্ক বসানো হয়েছে। দুটি গেটে মোট ১৬টি বোরো এলাকাকে ভাগ করে পরিষেবা দেওয়া হচ্ছে।

স্লট বৃদ্ধি: অনলাইনে নতুন করে আরও ২০০ স্লট বাড়ানো হয়েছে।

সূত্রের খবর, SIR আবহে জন্ম সার্টিফিকেট না থাকায় অনেকেই উদ্বিগ্ন। এতদিন তাঁরা আধার কার্ড, ভোটার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েই সরকারি নথিপত্রের কাজ চালাচ্ছিলেন। কিন্তু নতুন পরিস্থিতিতে জন্ম সার্টিফিকেটের অভাবে বিভ্রান্ত হয়ে পুরসভায় ছুটে আসছেন শহরবাসীর একাংশ, এমনকি অনেকেই অফিস কামাই করেও লাইনে দাঁড়াচ্ছেন।