আইএসএল নিয়ে জট কাটাতে আজ দিল্লি দরবার! স্পনসর সঙ্কট মেটাতে গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক

ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সমস্যা মেটাতে বুধবার নয়া দিল্লিতে গুরুত্বপূর্ণ একটি বৈঠকের আয়োজন করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ভারতীয় ফুটবলের এই মুহূর্তে অন্যতম বড় সংকট, অর্থাৎ আইএসএল-এর মতো ঘরোয়া প্রতিযোগিতা আয়োজনের জন্য বাণিজ্যিক পার্টনার খুঁজে না পাওয়ার সমস্যা নিয়েই এই বৈঠকে আলোচনা হবে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সঙ্গে মাস্টার রাইট চুক্তি নবীকরণের বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায়, আগের আইএসএল আয়োজক – রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং স্টার স্পোর্টসের যৌথ মালিকানাধীন ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) তাদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে। নতুন স্পনসর বা বাণিজ্যিক পার্টনারের জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) টেন্ডার ডাকলেও, কোনো সংস্থা এগিয়ে না আসায় আইএসএল কবে শুরু হবে, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা নেই। এই অনিশ্চয়তা নিয়ে ইতিমধ্যেই ফুটবলার এবং কোচরা উদ্বেগ প্রকাশ করেছেন।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর হস্তক্ষেপ
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সমস্যাটি সমাধানে সরাসরি হস্তক্ষেপ করতে প্রস্তুত বলে জানিয়েছিল। সেই অনুযায়ী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর ডাকা আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে এআইএফএফ (AIFF) কর্তা, আইএসএল-এর ক্লাব কর্তৃপক্ষ এবং প্রাক্তন বিজনেস পার্টনাররা অংশ নেবেন।
খবর অনুযায়ী, সুপ্রিম কোর্ট নিযুক্ত বিড ইভ্যালুয়েশন কমিটির চেয়ারম্যান বিচারপতি এল. নাগেশ্বর রাও নিজেও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। এছাড়া, নতুন টেন্ডার প্রস্তুতকারী ট্রানজ্যাকশন অ্যাডভাইজার কেপিএমজি-কেও বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। মনে করা হচ্ছে, এই উচ্চ-পর্যায়ের বৈঠকের মাধ্যমে ভারতীয় ফুটবলের বাণিজ্যিক সংকট এবং আইএসএল শুরুর জট দ্রুত কাটানো সম্ভব হবে।