হাজার হাজার কোটি টাকা খরচের পরও দূষিত যমুনা! কেন ব্যর্থ হচ্ছে সমস্ত প্রচেষ্টা? রাজ্যসভায় তথ্য পেশ করল কেন্দ্রীয় সরকার

দেশের রাজধানী দিল্লির অন্যতম প্রধান পরিবেশগত সমস্যা যমুনা নদীর তীব্র দূষণ (Yamuna river pollution)। বছরের পর বছর ধরে পরিস্থিতি একই রয়ে গেছে, অথচ এই সমস্যার সমাধানে খরচ হয়েছে কয়েক হাজার কোটি টাকা। রাজ্যসভায় লিখিতভাবে এই সংক্রান্ত তথ্য পেশ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, বিপুল অর্থ খরচ করেও নদী পরিষ্কার করার প্রচেষ্টা কেন ব্যর্থ হচ্ছে।

৩ বছরে খরচ ₹5,536 কোটি, ফল শূন্য

কেন্দ্রীয় সরকারের পেশ করা তথ্য অনুযায়ী, গত তিন বছরে শুধুমাত্র দিল্লিতে যমুনা নদী পরিষ্কার করার জন্য ৫ হাজার ৫৩৬ কোটি টাকা খরচ করা হয়েছে। তা সত্ত্বেও নদী এখনও মারাত্মকভাবে দূষিত। কেন এমনটা হচ্ছে, তার মূল কারণগুলি চিঠিতে তুলে ধরা হয়েছে:

১. অপরিশোধিত বর্জ্য জল: দিল্লি প্রতিদিন ৪১৪ মিলিয়ন লিটার অপরিশোধিত বর্জ্য জল সরাসরি ড্রেনের মাধ্যমে যমুনা নদীতে ফেলছে, যা পরিশোধন করা সম্ভব হচ্ছে না। ২. শিল্প বর্জ্যের সমস্যা: শিল্পাঞ্চলে কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের (CETP) মারাত্মক অভাব রয়েছে, ফলে শিল্প বর্জ্য অপরিশোধিত অবস্থায় নদীতে মিশছে। ৩. পরিকাঠামোগত দুর্বলতা: নতুন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (STP) তৈরি এবং পুরনো প্ল্যান্টের উন্নয়নের কাজ দেরিতে হওয়ায় বর্জ্য পরিশোধনের ঘাটতি পূরণ সম্ভব হচ্ছে না। ৪. কঠিন বর্জ্যের স্তূপ: দিল্লি প্রতিদিন যে ১১ হাজার ৮৬২ টন কঠিন বর্জ্য উৎপাদন করে, তার মধ্যে ৪ হাজার ২২১ টন অপরিশোধিত বর্জ্য প্রক্রিয়াজাত না হওয়ায় ড্রেন এবং নদীর জলে মিশে যাচ্ছে।

দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি (DPCC) আগস্ট মাস পর্যন্ত এই ৪১৪ মিলিয়ন লিটার বর্জ্য জল পরিশোধন করতে পারেনি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

কোটি টাকা খরচ করেও সমাধান অসম্ভব?

কেন্দ্রীয় সরকারের মতে, ‘নমামি গঙ্গা’ প্রকল্পের অধীনে ৬ হাজার ৫৩৪ কোটি টাকার ৩৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে এবং ২১টির কাজ শেষও হয়েছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত দিল্লির বর্জ্য ব্যবস্থার এই মৌলিক সমস্যাগুলির সমাধান না হচ্ছে, ততক্ষণ কোটি কোটি টাকা খরচ করেও নদীকে সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব নয়।

প্রসঙ্গত, এই যমুনা দূষণ ইস্যুটি (Yamuna pollution) দিল্লির রাজনীতিতে বরাবরই একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষত ছট পুজোর সময়ে নদীর থকথকে ফেনা ও দূষিত জল নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। আপ এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষারোপ করে। একসময় ছটপুজোয় দূষিত জলে প্রধানমন্ত্রীকে স্নান করতে না হওয়ার জন্য ‘নকল’ যমুনা তৈরি হয়েছে বলেও অভিযোগ ওঠে, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে কেন্দ্রের এই রিপোর্ট কার্যত আঙুল তুলল দিল্লির বর্তমান বর্জ্য ব্যবস্থাপনার দিকেই।