উচ্চমাধ্যমিকে কড়াকড়ি! আর ‘অতিরিক্ত কাগজ’ নয়, বিরাট বদল আনল সংসদ

উচ্চমাধ্যমিক (WBCHSE) পরীক্ষায় আবারও বড়সড় নিয়ম বদল আনতে চলেছে সংসদ। সেমিস্টার পদ্ধতি চালুর পর এবার পরীক্ষা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরীক্ষার্থীদের আর ‘অতিরিক্ত কাগজ’ দেওয়া হবে না। অর্থাৎ, ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার থেকে ছাত্রছাত্রীদের নির্ধারিত উত্তরপত্রের মধ্যেই সম্পূর্ণ পরীক্ষা শেষ করতে হবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, এই নতুন নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার চতুর্থ সেমিস্টার থেকে। এতদিন পর্যন্ত পরীক্ষার্থীদের জন্য ৮ পাতার উত্তরপত্র দেওয়া হলেও, এবার সেই নিয়মে আসছে বদল। এবার থেকে প্রথম ধাপে ১২ পাতার (মোট ২৪ পৃষ্ঠার) উত্তরপত্র দেওয়া হবে। প্র্যাক্টিক্যাল রয়েছে এমন বিষয়গুলিতে ৩৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে। অন্যদিকে, অন্যান্য বিষয়গুলিতে ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। সংসদের দাবি, এই ২৪ পৃষ্ঠা সকল পরীক্ষার্থীর উত্তর লেখার জন্য যথেষ্ট।
কেন এই নতুন নিয়ম? শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, চতুর্থ সেমিস্টারে কোনোভাবেই অতিরিক্ত পাতা দেওয়া হবে না। সংসদ জানিয়েছে, অতিরিক্ত পাতা নিলে অনেক সময় সেগুলি সঠিক ভাবে সেলাই করা যায় না। এর ফলে পাতা ছিঁড়ে যাওয়ার বা মূল্যায়নে সমস্যার আশঙ্কা থাকে। এই সমস্যা দূর করতেই এই নতুন পদ্ধতি চালু করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২৬ সালের উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টার শুরু হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি। তবে পুরনো পদ্ধতির যে ছাত্র-ছাত্রীরা ফেব্রুয়ারি মাসে পরীক্ষা দেবেন, তাদের ক্ষেত্রে পুরনো নিয়মেই খাতা দেওয়া হবে।