মালদহ-মুর্শিদাবাদে মমতার মেগা সভা! আজই শুরু তিনদিনের সফর, কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী?

রাজনৈতিক কর্মসূচিতে তিনদিনের জেলা সফরে আজ বিকেলে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে মালদহ এবং মুর্শিদাবাদে দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা করবেন তিনি। পাশাপাশি, সফরের শুরুতে আজ মঙ্গলবার দুপুরেই নবান্নের সভাঘরে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
নবান্নে বৈঠক, তারপরেই জেলা সফর
নবান্নে আজকের বিশেষ বৈঠকে বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কর্মসূচির বিস্তারিত খতিয়ান তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত মন্ত্রী, সচিব এবং জেলাশাসকরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। মূলত, গত কয়েক বছরে রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে যে সমস্ত সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা করেছে, সেগুলির অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।
গাজোল ও বহরমপুরে মেগা সভা
দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মালদহের গাজোল কলেজ মাঠে প্রথম সভাটি করবেন। এরপরে বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে দ্বিতীয় সভায় যোগ দেবেন তিনি। তৃণমূলের অন্দরের খবর অনুযায়ী, এই দুই জনসভা থেকেই মুখ্যমন্ত্রী ‘কেন্দ্রীয় বঞ্চনা’ এবং এসআইআর (SIR)-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে ফের একবার সরব হবেন। রাজ্যে কেন্দ্রীয় তহবিলের বকেয়া এবং রাজ্য সরকারের স্ব-উদ্যোগে চালিত প্রকল্পগুলির সফলতা নিয়ে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।