৩০ বছরের রহস্য! রিপ ভ্যান উইঙ্কলের মতো উধাও হয়ে ফিরে এলেন বৃদ্ধ, ‘আমি বাড়িতেই ছিলাম’ – ভাসিলের উত্তরে দানা বাঁধছে নতুন রহস্য

অনেকটা যেন আমেরিকান লোককথা বা জার্মান কাহিনীর পুনর্জন্ম। কেউ মনে করতে পারেন রিপ ভ্যান উইঙ্কল বা কার্ল কার্ৎজের কথা, যাঁরা টানা ২০ বছর ঘুমিয়ে থেকে জেগে উঠে দেখেন জীবন অনেক দূর এগিয়ে গিয়েছে। তবে রোমানিয়ার ভাসিল গর্গসের গল্প আরও অবিশ্বাস্য। এই বৃদ্ধ নিখোঁজ ছিলেন টানা ৩০ বছর! ১৯৯১ সালে ৬৩ বছর বয়সে গবাদি পশুপালনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। পরিবারের কাছে বলেছিলেন, এক-দু’দিনের মধ্যেই ফিরবেন। ট্রেনের টিকিটও কেটেছিলেন। কিন্তু তারপর আচমকাই তিনি উধাও হয়ে যান। পুলিশ এবং গ্রামবাসীদের দীর্ঘ ৩০ বছরের তল্লাশির পরেও তাঁর কোনও খোঁজ মেলেনি। পরিবারও একসময় আশা ছেড়ে দিয়েছিল।
৩০ বছর পর অলৌকিক প্রত্যাবর্তন
কিন্তু সবাইকে চমকে দিয়ে, ২০২১ সালের ২৯ অগাস্ট সন্ধ্যায়, একটি গাড়ি থেকে ভাসিল গর্গস তাঁর বাড়ির সামনে নেমে আসেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, তাঁর পরনে ছিল সেই ১৯৯১ সালের পুরনো পোশাক, যা পরে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। আরও অবাক করা বিষয়, তাঁর পকেটে সেই তিন দশকের পুরনো ট্রেনের টিকিট অক্ষত ছিল! ৯৩ বছর বয়সী ভাসিলের চেহারায় এই দীর্ঘ সময়ের কোনও ছাপও পড়েনি। তাঁর পরিবার যখন জিজ্ঞাসা করে, এত বছর তিনি কোথায় ছিলেন, তখন ভাসিলের সংক্ষিপ্ত উত্তর ছিল, “আমি বাড়িতে ছিলাম।”
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক, তবে তাঁর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ১৯৯১ সালের আগের সব ঘটনা তাঁর মনে থাকলেও, নিখোঁজ থাকার এই ৩০ বছর তাঁর কাছে সম্পূর্ণ অন্ধকার।
টাইম ট্রাভেল না প্যারালাল ওয়ার্ল্ড?
ভাসিলের এই অলৌকিক প্রত্যাবর্তন জন্ম দিয়েছে নানা জল্পনার। কেউ বলছেন তিনি হয়তো অন্য কোথাও জীবনযাপন করছিলেন। কিন্তু তাঁর পুরনো পোশাক ও অব্যবহৃত ট্রেনের টিকিট কীভাবে ৩০ বছর ধরে অক্ষত থাকল? যে গাড়িতে করে তিনি এসেছিলেন, সেটিও দ্রুত উধাও হয়ে যায়, নম্বর প্লেট দেখতে পায়নি কেউ। সোশ্যাল মিডিয়ায় তাই এখন টাইম ট্র্যাভেল এবং প্যারালাল ওয়ার্ল্ডের মতো তত্ত্বের ঝড় উঠেছে। সত্যিটা কী—তা এখনও রহস্যে মোড়া।