এসআইআর বিতর্কের মাঝেই রাজ্যে নতুন লোকাযুক্ত! হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে নিযুক্ত করল নবান্ন, কে করেন এই নিয়োগ?

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই রাজ্যের প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পন্ন হল। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে রাজ্যের পরবর্তী লোকায়ুক্ত হিসেবে নিযুক্ত করল নবান্ন। তিনি প্রাক্তন বিচারপতি অসীম রায়ের স্থলাভিষিক্ত হলেন।

কে নিয়োগ করেন লোকায়ুক্তকে? লোকায়ুক্ত নিয়োগের প্রক্রিয়াটি সাংবিধানিক। এটি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে সম্পন্ন হয়। লোকায়ুক্ত নিয়োগের জন্য রাজ্য সরকার একটি কমিটি গঠন করে, যেখানে বিধানসভার বিরোধী দলনেতার উপস্থিত থাকার নিয়ম রয়েছে।

নবনিযুক্ত লোকায়ুক্ত রবীন্দ্রনাথ সামন্ত অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি। তিনি তার কর্মজীবনে বিভিন্ন জেলায় দায়রা ও জেলা বিচারপতির দায়িত্ব পালন করেছেন। লোকায়ুক্ত হিসেবে তাঁর প্রধান কাজ হবে মন্ত্রী, বিধায়ক, প্রশাসন ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত করা এবং নাগরিকদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা।

অন্যদিকে, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বহাল রাখা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যকে।

আই-প্যাক ও অনুপ্রবেশকারীদের নাম নিয়ে শুভেন্দুর অভিযোগ লোকায়ুক্ত নিয়োগের দিনের বিতর্কিত SIR প্রক্রিয়া নিয়েও রাজ্য নির্বাচন কমিশনের দফতরে বৈঠক শেষে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আই-প্যাক (I-PAC) এবং তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি বলেন, “বিএলও-দের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে বাংলাদেশি মুসলমান ও অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রেখে দিয়েছে আই-প্যাক।”

শুভেন্দু অধিকারীর আরও দাবি:

“আমরা ১৭,১১১ বুথের অভিযোগের ডেটা স্পেশাল অবজার্ভার এবং সিইও-কে দিয়েছি।”

তিনি দাবি করেছেন, যে ৩৪৫টি এসডিও অফিস ও বিডিও অফিসে হিয়ারিং হবে, সেখানে মাইক্রো-অবজার্ভার নিয়োগ করতে হবে।

তিনি চান, সেই মাইক্রো-অবজার্ভার যেন রাজ্য সরকারের সঙ্গে যুক্ত না থাকেন, বরং নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয়।

ফলতার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “গতকাল ফলতায় স্টেট অবজার্ভারের সামনে ১৭ জন বিএলও-কে জয়েন্ট বিডিও এবং বিডিও সানু বক্সী (সাদা খাতার বিডিও) সাজিয়ে নিয়ে গিয়ে বলিয়েছে। গতকাল ফলতায় বিজেপির কোনও প্রতিনিধি ছিল না… স্টেট অবজার্ভার বলেছেন, আমি কড়া ব্যবস্থা নেব।”

নয়া লোকায়ুক্ত নিয়োগের মাধ্যমে রাজ্যে একদিকে যেমন প্রশাসনিক স্বচ্ছতার বার্তা দেওয়া হলো, তেমনই ভোটার তালিকা নিয়ে বিরোধী দলনেতার বিস্ফোরক মন্তব্যে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।