মাসে ৩৭ হাজার টাকা ও সম্পত্তি, দেখাশোনার জন্য ‘কন্যারূপী’ কাউকে খুঁজছেন চিনের নিঃসঙ্গ বৃদ্ধা, চাঞ্চল্য আন্তর্জাতিক মহলে

সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধ বয়সে সম্পূর্ণ একা হয়ে যাওয়া এক মায়ের মর্মস্পর্শী কাহিনি সামনে এসেছে চিনের হেনান প্রদেশ থেকে। স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এক বৃদ্ধা জানিয়েছেন, তিনি মাসে ৪২০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা) মাইনে এবং ব্যক্তিগত সম্পত্তির অংশীদারিত্বের বিনিময়ে এমন একজনকে খুঁজছেন, যিনি তাঁকে নিজের মেয়ের মতো যত্ন নিতে পারবেন।

নিঃসঙ্গতা ও শারীরিক দুর্বলতা বৃদ্ধা বর্তমানে বয়স এবং শারীরিক দুর্বলতার কারণে একা চলতে পারেন না। বিশেষত হাঁপানির সমস্যা থাকায় মাত্র ১০০ মিটার হাঁটলেই তাঁর শ্বাসকষ্ট হয়। তিনি জানিয়েছেন, তাঁর নিজের দুই মেয়ে রয়েছে।

বড় মেয়ের সঙ্গে মতবিরোধের কারণে তাঁর সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন।

ছোট মেয়ে মানসিক ভারসাম্যহীন, ফলে মায়ের দেখভাল করতে অপারগ।

বহু বছর আগে স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অন্যান্য আত্মীয়দের সঙ্গেও এই বৃদ্ধার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, যার ফলে তিনি পুরোপুরি একা হয়ে পড়েন।

‘কৃত্রিম কন্যা’ ও লিখিত চুক্তি এই কঠিন পরিস্থিতিতে, বৃদ্ধা নিজের দৈনন্দিন কাজকর্মে সহায়তা ও মানসিকভাবে পাশে থাকার জন্য এমন কাউকে খুঁজছেন, যিনি তাঁকে আগলে রাখবেন। তিনি জানিয়েছেন, এই সেবার বিনিময়ে নির্দিষ্ট মাইনে ছাড়াও নিজের ২টি ফ্ল্যাটের মধ্যে একটি এবং ব্যক্তিগত সম্পদের অংশও তিনি ওই ‘কন্যারূপী’ ব্যক্তিকে দিতে রাজি।

বৃদ্ধা প্রয়োজনে এই বিষয়ে লিখিত চুক্তি করতেও প্রস্তুত। সাউথ চায়না মর্নিং পোস্টে খবরটি প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক মহলে এই ঘটনাটি আলোড়ন সৃষ্টি করেছে, যা আধুনিক সমাজে বৃদ্ধ বয়সে একাকীত্বের সমস্যাকে তুলে ধরল।