বিশ্বে সবচেয়ে দ্রুত বিকাশমান অর্থনীতি, কেন্দ্রের এই ‘বিরাট জয়’ কি ভোটের আগে নতুন সমীকরণ গড়বে, সুকান্ত মজুমদার কী বললেন?

২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের ৮.২% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। প্রত্যাশার চেয়েও এই বেশি প্রবৃদ্ধি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব ও সুচিন্তিত অর্থনৈতিক নীতির দৃঢ় সাফল্য—শুক্রবার রাতে এক ‘এক্স’ (সাবেক ট্যুইটার) বার্তায় এমনটাই দাবি করেছেন তিনি।
ডঃ মজুমদার তাঁর বার্তায় আরও জানিয়েছেন, “এই উল্লেখযোগ্য অগ্রগতি প্রতিটি ভারতবাসীর কঠোর পরিশ্রম, উদ্ভাবনী মনন, অটল স্থিতিশীলতা এবং উদ্যোগী মানসিকতার এক উজ্জ্বল প্রতিফলন।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশের নাগরিকদের এই সম্মিলিত শক্তিই আজ ভারতের উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করছে।
কেন্দ্রীয় মন্ত্রীর মতে, বিশ্বের দ্রুততম বিকাশমান বৃহৎ অর্থনীতির অন্যতম হিসেবে ভারতবর্ষ আগামী দিনে নতুন উচ্চতা স্পর্শ করবে, অগণিত সম্ভাবনার দুয়ার খুলবে এবং উন্নয়নের ইতিহাসে আরও এক দীপ্ত অধ্যায় সংযোজন করবে।