পরীক্ষার্থীদের জন্য ‘সুপার হিট’ ঘোষণা! ৩০ নভেম্বর লোকাল ট্রেন বন্ধের বদলে সকাল থেকে চালু! টাইম টেবিল জানুন!

৩০ নভেম্বর, রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ সিদ্ধান্ত নিল পূর্ব রেল। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শিয়ালদহ ডিভিশনে ওই দিন চালু থাকবে সমস্ত ইএমইউ লোকাল ট্রেন পরিষেবা। শুক্রবার রাতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে এই সুখবর দিয়েছে।

কোন শাখায় মিলবে অতিরিক্ত পরিষেবা?

রেল সূত্রে খবর, রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা থাকায় সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা তাঁদের গন্তব্যের দিকে রওনা হবেন। এই বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর কথা চিন্তা করেই বন্ধ থাকা সব লোকাল ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদহ ডিভিশনের আওতাধীন সমস্ত শাখাতেই এই পরিষেবা মিলবে। বিশেষ করে শহরতলির দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীদের কাছে এটি নিঃসন্দেহে বড় স্বস্তি।

কখন থেকে চলবে ট্রেন?

পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত এই বিশেষ ইএমইউ পরিষেবা চালু থাকবে। সাধারণত রবিবার শিয়ালদহ ডিভিশনে যে সংখ্যক লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকে, পরীক্ষার্থীদের জন্য সেই সমস্ত পরিষেবা ওই নির্দিষ্ট সময়ের জন্য স্বাভাবিক করা হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার দিনগুলিতে চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত ট্রেন-মেট্রো চালানো হয়েছে এবং সড়ক পথেও অতিরিক্ত বাস পরিষেবা দেওয়া হয়েছে। সেই ধারা বজায় রেখেই এবারও রেল কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল।