সরাসরি EC-কে চ্যালেঞ্জ অভিষেকের! SIR প্রক্রিয়া নিয়ে আজ দিল্লিতে তৃণমূলের ১০ সাংসদ, দাবি ‘লাইভ টেলিকাস্ট’

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতোই আজ, শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের (EC) দফতরে যাচ্ছেন দলের ১০ সদস্যের প্রতিনিধি দল। এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুতর অভিযোগ প্রমাণ-সহ সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে তুলে ধরবেন তাঁরা।

ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেই অনুযায়ী, গত মঙ্গলবারই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ১০ জন সাংসদের নাম উল্লেখ করে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দেন। প্রতিনিধি দলে রয়েছেন—শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে, প্রকাশচিক বরাইক এবং স্বয়ং ডেরেক ও’ব্রায়েন।

সূত্রের খবর, বেলা ১১টা নাগাদ এই সংসদীয় প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের দফতরে পৌঁছবে।

অভিষেকের বড় চ্যালেঞ্জ:

তৃণমূলের অভিযোগ, পরিকল্পনা ছাড়াই এসআইআর প্রক্রিয়া চালানো হচ্ছে। এর কাজের চাপেই সাম্প্রতিককালে রাজ্যে তিনজন বুথ লেভেল অফিসার (BLO)-এর মৃত্যু হয়েছে এবং কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গত সপ্তাহে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে এই প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানিয়েছিলেন এবং বিএলওদের মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন।

এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিশনকে এক নয়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছেন। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন:

১. বিগত ২০ দিনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তৃণমূল যে অভিযোগগুলি জানিয়েছে, তার জবাবে কমিশন কেন পদক্ষেপ করেনি, তা জানতে চাওয়া হবে। ২. যে বিএলওরা কমিশনের কাজের চাপকে দায়ী করে আত্মঘাতী হয়েছেন, তাঁদের সুইসাইড নোটও দিল্লিতে পেশ করা হবে। ৩. অভিষেক সোশ্যাল মিডিয়ায় চ্যালেঞ্জের সুরে বলেছেন, কমিশন যদি স্বচ্ছভাবে এসআইআর পরিচালনা করে থাকে, তবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূল সাংসদদের সব প্রশ্নের জবাব দিতে হবে। ৪. ১০ সাংসদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকটি লাইভ টেলিকাস্ট করার দাবি জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, “আমাদের সাংসদরা মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি। মুখ্য নির্বাচন কমিশনার বা অন্য কমিশনারদের মতো নয়, যাঁদের হাত সরকারের হাতে বাঁধা। বেছে বেছে বৈঠকের কিছু অংশ ফাঁস করা হবে যাতে বোঝানো হবে কমিশন খুব স্বচ্ছ্ব, সেসব চলবে না।”

কমিশন অবশ্য ১০ জনকেই বৈঠকে অনুমতি দেবে কিনা, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। তবে আজকের বৈঠক ঘিরে দিল্লিতে চরম রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।