ডিভোর্স হলেও বাবার পেনশন পাবেন না মেয়ে! কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের, জানুন কেন?

পারিবারিক পেনশন সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মামলায় ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বাবার মৃত্যুর সময় যদি মেয়ে বিবাহিত থাকেন, তবে পরবর্তীকালে বিবাহবিচ্ছেদ হলেও তিনি বাবার পারিবারিক পেনশনের (Family Pension) কোনো অধিকার পাবেন না।

পারিবারিক পেনশন নিয়ে কড়া পর্যবেক্ষণ আদালতের

মামলার আবেদনকারী মহিলার বাবা ১৯৯৬ সালে কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে অবসর নেন এবং ২০০৩ সালে তাঁর মৃত্যু হয়। বাবার মৃত্যুর সময় ওই মহিলা বিবাহিত ছিলেন, ফলে তিনি পেনশনের ভাগ পাননি। এরপর ২০১৬ সালে তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হলে তিনি আর্থিক সমস্যার কথা জানিয়ে ফের বাবার পেনশনের ভাগ চেয়ে আবেদন জানান। ক্যাট (CAT) ওই মহিলার আবেদন মঞ্জুর করে কেন্দ্রীয় সরকারকে পেনশন দেওয়ার নির্দেশ দিয়েছিল।

কেন্দ্রীয় সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়। কেন্দ্রের যুক্তি ছিল, যেহেতু বাবার মৃত্যুর সময় ওই মহিলা বিবাহিত এবং বাবার পেনশনের উপর নির্ভরশীল ছিলেন না, তাই এত বছর পর তিনি পেনশন চাইতে পারেন না। নিয়ম অনুযায়ী, শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীদের পরিবারে যাঁরা নির্ভরশীল, তাঁরাই পেনশনের ভাগ পেতে পারেন।

আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত

হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের যুক্তিতে সায় দিয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, বাবার মৃত্যুর সময় যদি মেয়ে তাঁর ওপর নির্ভরশীল হন, তবেই তিনি পেনশন পাওয়ার অধিকারী। কিন্তু বাবার মৃত্যুর সময় যদি মেয়ে স্বামীর উপরে নির্ভরশীল থাকেন, তবে তিনি ওই পেনশন পাবেন না। আদালত অত্যন্ত স্পষ্ট ভাষায় ঘোষণা করে, বাবার মৃত্যুর পর মেয়ে বাপের বাড়িতে ফিরে এলেও তিনি পেনশনের ভাগ পাবেন না, কারণ মৃত্যুর সময় তিনি বিবাহবিচ্ছিন্না ছিলেন না বা ডিভোর্সের মামলাও চলছিল না। ফলস্বরূপ, হাইকোর্ট কেন্দ্রকে পেনশন প্রদানের CAT-এর নির্দেশ খারিজ করে দেয় এবং আবেদনকারী মহিলার দাবি অগ্রাহ্য করে। সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) বিধি ২০২১ অনুসারে এই পারিবারিক পেনশন দেওয়া হয়।