ভারতীয় ট্রেন যাত্রায় ‘অপ্রীতিকর’ অভিজ্ঞতা, হাতে থুতু ফেলার দাবি ব্রিটিশ ভ্লগারের; ভিডিও ঘিরে শোরগোল

যুক্তরাজ্য থেকে ভারতে ঘুরতে আসা ভ্লগার ব্যাকপ্যাক বেন (Backpacker Ben)-এর একটি সাম্প্রতিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। ভারতের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ফ্রেমবন্দি করা এই ভ্লগার এবার ভারতীয় ট্রেনে নিজের ‘অপ্রীতিকর’ এবং ‘অস্বস্তিকর’ অভিজ্ঞতার দাবি করেছেন।

ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যাচ্ছে, ট্রেনে এক সহযাত্রী বারবার বেনের সিটে পা রাখছেন। বেন কয়েকবার অত্যন্ত ভদ্রভাবে অনুরোধ করা সত্ত্বেও ওই ব্যক্তি তা শোনেননি। বিরক্ত বেনকে ভিডিওতে বলতে শোনা যায়, “আমি তাকে কয়েকবার বিনয়ের সঙ্গে বলেছি… দয়া করে এটা করবেন না। উনি হাসলেন, আর দু’মিনিট পর আবার পা আমার চেয়ারে রাখলেন। তাই আমাকে এটা মেনে নিতেই হবে… পরবর্তী কয়েক ঘণ্টা তার পা এখানেই থাকবে।” বেনের গলায় অস্বস্তি ছিল স্পষ্ট।

তবে সবচেয়ে অস্বস্তিকর দাবিটি করেছেন শসা বিক্রেতাকে দেখানো একটি দৃশ্যের পর। বেনের অভিযোগ, ওই কম্পার্টমেন্টে শসা খাওয়ার সময় এক সহযাত্রী তাঁর হাতে থুতু ছিটিয়েছেন। বেন দাবি করেন, “একজন লোক আমার হাতে থুতু ফেলল… উনি চিবোচ্ছিলেন… আমার দিকে তাকালেন, কিছু বললেন, আর সব আমার হাতে পড়ল। বড় একটা থুতু।”

নেটিজেনদের প্রতিক্রিয়া বেনের এই ভিডিও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করেছে। একদল নেটিজেন বেনের প্রতি সহানুভূতি জানালেও, অনেকে আবার সমালোচনা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “যদি তুমি সেকেন্ড বা ফার্স্ট ক্লাসের টিকিট আপগ্রেড করো, তাহলে মাত্র ৫$ বেশি লাগবে।” অন্য একজন লিখেছেন, “ভাই আমাদের সবচেয়ে সস্তা ক্লাসে বুক করে, আর ৫-তারা সুবিধা আশা করে।” তবে, অনেকের মতে, বেনের সঙ্গে হওয়া ঘটনাগুলি অবশ্যই দুর্ভাগ্যজনক এবং অস্বাস্থ্যকর।