ফারহা খানের রাঁধুনি দিলীপ এখন তারকা! বলিউড ডিজাইনার মণীশ মালহোত্রার কাছ থেকে পেলেন বিশেষ উপহার

সেলিব্রিটি রাঁধুনি দিলীপ মালকিন যেন বর্তমানে ইন্দ্রপুরীর দেবরাজের কাছ থেকে তোফা পেলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোশাক শিল্পী মণীশ মালহোত্রার কাছ থেকে তিনি উপহার পেলেন একটি ঝলমলে কুর্তা। দিলীপ বর্তমানে চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারহা খানের ব্যক্তিগত রাঁধুনি হিসেবে পরিচিত। ফারহা খানের মজাদার রিলগুলির দৌলতে দিলীপ এখন সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয় মুখ।

ফারহা খানের সাম্প্রতিক ইউটিউব ভ্লগে দেখা গিয়েছে, দিলীপকে নিয়ে ফারহা গিয়েছিলেন বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার মুম্বইয়ের বিলাসবহুল বাড়িতে। সেখানে পরিচয়ের কয়েক মুহূর্তের মধ্যেই মণীশ একটি কুর্তা উপহার দেন দিলীপকে।

উপহারের মুহূর্ত
বলিউডের প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীর পোশাক পরিকল্পক মণীশ মালহোত্রা তাঁর চমকদার বাড়িতে ঢোকার পরেই দিলীপের সঙ্গে হাত মেলান এবং বলেন, “তোমার জন্য আমার একটা উপহার আছে।”

মণীশের সহকারী নীতিন যখন ‘এমএম’ লেখা একটি ব্যাগ দিলীপের হাতে তুলে দেন, তখন ফারহা কৌতুক করে বলেন, “এই ব্যাগটি রাখো, আর ওর ভিতরে যা রয়েছে, তা আমার।” মণীশও মজার ছলে বলেন, “ওর ভিতরে যেটা আছে, সেটা তোমার গায়ে আঁটবে না।” তখন দিলীপ ব্যাগ থেকে গোলাপি রঙের একটি কুর্তা বের করেন এবং সঙ্গে সঙ্গে মণীশকে পায়ে হাত দিয়ে প্রণাম করে ধন্যবাদ জানান।

‘বদলে গেল দিলীপের কপাল!’
উপহার পেয়ে দিলীপ আপ্লুত। ফারহা তাঁর কর্মীকে বলেন, “ক্যায়া তেরি কিসমত বদলি হে ভাই! মণীশ মালহোত্রা কা কস্টিউম পেহননে কে লিয়ে লোগ সালো তক আপনা পয়সে একহাট্টে করকে ফির আতে হ্যায়।” (বাহ, তোমার কপাল কি পাল্টে গেল! মণীশ মালহোত্রার পোশাক পরার জন্য মানুষ বছরের পর বছর ধরে টাকা জমিয়ে তারপর আসে।)

মণীশও দিলীপকে একজন স্টার বলে আখ্যা দেন। পরে কুর্তা পরে এসে দিলীপ মণীশকে প্রণাম করে কৃতজ্ঞতা জানান।

ফারহা তাঁর কর্মীদের পরামর্শে ভ্লগ তৈরি শুরু করার পর থেকে দিলীপকে সঙ্গী হিসেবে বেছে নেওয়ার ফলেই এই রাঁধুনি বিখ্যাত হয়ে উঠেছেন। তিনি মিন্ট্রার জন্য শাহরুখ খান ও কিয়ারা আদবানির সঙ্গে কাজ করেছেন এবং ফ্লিপকার্টসহ অন্যান্য বিজ্ঞাপনেও অভিনয় করেছেন।