‘আমায় দেখে পালালেন কেন?’ জাতীয় সড়কে ব্যারিকেড দিয়ে টাকা তোলার অভিযোগ, ৩ সিভিক পুলিশকে তাড়া করে ভিডিও করলেন অগ্নিমিত্রা পাল!

জাতীয় সড়কে ব্যারিকেড দিয়ে টাকা তোলার অভিযোগ তুলে শাসকদলের পুলিশ প্রশাসনকে সরাসরি আক্রমণ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার সকালে নিজের বিধানসভা এলাকা আসানসোল দক্ষিণে জনসংযোগ করার সময় এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তিনি সোশ্যাল মিডিয়ায় (এক্স হ্যান্ডল) ৩ মিনিটের ভিডিয়ো-সহ পোস্ট করেন।
বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদিকা এবং আসানসোল দক্ষিণের বিধায়ক তাঁর পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, “আমায় দেখে তিনজন সিভিক পুলিশ ভাগ মিলখা ভাগ স্টাইলে পালালেন কেন?”
‘লজ্জা হয় না আপনাদের?’
ভিডিয়োয় দেখা যাচ্ছে, ঘাগরবুড়ি মন্দিরের সামনে জাতীয় সড়কে ব্যারিকেড দিয়ে কিছু পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার টাকা তুলছেন। অগ্নিমিত্রাকে দেখেই তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে পড়তে শুরু করেন। অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন যে, এই কাজে স্থানীয় ট্রাফিক থানা থেকে অজয় রায় ও বিনয় কুমার সিং-ও যোগ্য সঙ্গত দিচ্ছিলেন।
অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন:
“আমায় দেখে Duty শেষ হয়ে গিয়েছে? নাকি আমি যা দেখেছি তার বিষয়ে কী প্রশ্ন করতে পারি তা আন্দাজ করে? লজ্জা হয়েছে?”
তিনি বলেন, “মহিলা নিরাপত্তা বা রাজ্যের যে কোনো আইন শৃঙ্খলা চুলোয় পাঠিয়ে, রাস্তায় ব্যারিকেড করে টাকা আদায়কে পরিকল্পিত ভাবে অর্থ উপার্জনের পথ তৈরি করে দেওয়াটাও কি শিল্প বলা যেতে পারে?”
তিনি আরও বলেন, বাংলার মানুষ এতদিন জেনে গিয়েছেন যে ‘মমতা পুলিশ বহুমুখী প্রতিভার অধিকারী’। কিন্তু সঠিক কাজে কতটা, তা বাংলার মহিলারা ও চাকরি প্রার্থীরা ভালোভাবেই বুঝছেন। এই ভিডিও এবং পোস্টকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।