আধার কার্ড ফেলে চম্পট! কসবা হত্যাকাণ্ডে সঙ্গী যুবক-যুবতীর সন্ধানে পুলিশ, কী হয়েছিল দুবরাজপুরের আদর্শ লোসালালকার সঙ্গে?

কলকাতার কসবা এলাকার একটি হোটেলে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে হোটেলের ঘর থেকে আদর্শ লোসালালকা (৩৩) নামে ওই যুবকের দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এটি খুন।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি বীরভূমের দুবরাজপুরে। ঘরের ভিতরে তিনি মুখ থুবড়ে পড়েছিলেন। তাঁর মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা খুনের ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনায় মৃতের সঙ্গী এক পুরুষ ও এক মহিলার ভূমিকাতেও রহস্য দানা বেঁধেছে।

জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ অ্যাপের মাধ্যমে হোটেলের ঘর বুক করে দু’জন পুরুষ এবং একজন মহিলা চেক ইন করেন। এরপর রাত আড়াইটে নাগাদ মৃত যুবকের দুই সঙ্গী, ওই যুবক এবং মহিলা, হোটেল থেকে বেরিয়ে যান।

আজ সকালে হোটেলের ওই ঘরে অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় শেষে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। তখনই যুবকের দেহ দেখতে পাওয়া যায়।

যুবকের সঙ্গী ওই দুই জনই এখন পুলিশের প্রাথমিক সন্দেহের তালিকায়। তারা হোটেলে নিজেদের আধার কার্ড জমা দিয়েছিলেন। সেই নথিতে থাকা মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্যের ভিত্তিতেই দু’জনের খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্তে লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা ঘটনাস্থলে পৌঁছেছেন, আনা হয়েছে পুলিশ কুকুরও। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি রূপেশ কুমার। পুলিশ মনে করছে, ওই দুই সঙ্গীকে খুঁজে বের করলেই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হবে।