১২০০ কোটির মালিক বিবেক ওবেরয়! মাত্র ১৫ বছর বয়সে কীভাবে হলেন আর্থিকভাবে স্বাধীন? ফাঁস করলেন সাফল্যের মন্ত্র

অভিনেতা, বিনিয়োগকারী এবং সফল উদ্যোক্তা বিবেক ওবেরয় সম্প্রতি তাঁর প্রায় ১,২০০ কোটি টাকার মোট সম্পত্তি, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনের আর্থিক দর্শন নিয়ে মুখ খুলেছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সম্পদের সঠিক অঙ্ক তাঁর কাছে বড় কথা নয়, কারণ তিনি ইতিমধ্যেই এমন এক আর্থিক স্তরে পৌঁছেছেন, যেখানে তাঁর পরবর্তী বহু প্রজন্ম নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে।

বিবেক জানান, তিনি মাত্র ১৫ বছর বয়সে আর্থিকভাবে স্বাধীন হয়ে যান এবং ১৬-১৭ বছর বয়সেই শেয়ার বাজার থেকে নগদ অর্থ হিসাবে নয়, বরং লেনদেনের মাধ্যমে এক কোটি টাকা উপার্জন করেন। দেশভাগের সময় তাঁর পরিবার বিশাল সম্পদ হারালে শূন্য থেকে শুরু করতে হয়, সেই কারণেই তিনি ছোটবেলা থেকেই উপার্জনের গুরুত্ব বুঝেছিলেন।

কলেজে পড়াকালীনই তিনি শেয়ার বাজার ও বিনিয়োগের কৌশল শেখা শুরু করেন। মাত্র ১৯ বছর বয়সে তিনি নিজের প্রথম ব্যবসা শুরু করেন এবং তাতে মাত্র ২০-২৫ লাখ টাকা বিনিয়োগ করে মোট ১২ কোটি টাকার তহবিল সংগ্রহ করেন। তিনি সবসময় বিনিয়োগকারীদের লাভকে অগ্রাধিকার দিয়েছেন, যা তাঁর ব্যবসার সাফল্যের মূল কারণ।

অভিনয়ের পাশাপাশি বিবেক ওবেরয় বর্তমানে প্রতিদিন প্রায় ১৬ ঘণ্টা কাজ করেন এবং একাধিক লাভজনক ব্যবসা পরিচালনা করেন। তিনি জানান, প্রবাসে থাকার সময় তিনি উপলব্ধি করেন যে প্রবাসী ভারতীয়রা বছরে ১৩৬ বিলিয়ন ডলার দেশে পাঠিয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় অর্ধেক জোগাড় করেন। গত দশকে তিনি নিজেও আমেরিকা ও ইউকে থেকে ভারতের সামাজিক কাজের জন্য প্রায় ৪০ মিলিয়ন ডলারের ফান্ড সংগ্রহ করেছেন।

রামায়ণ-এর পারিশ্রমিক দান ক্যানসার আক্রান্ত শিশুদের:
বিবেক ওবেরয়ের একটি ব্যক্তিগত সিদ্ধান্ত সম্প্রতি সবার নজর কেড়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ রাবণের ভাই বিভীষণ চরিত্রে অভিনয়ের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেবেন না। তিনি এই ছবির পুরো পারিশ্রমিক ক্যানসারে ভুগছে এমন শিশুদের চিকিৎসায় দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবেক বলেন, “আমি নমিতকে (প্রযোজক নমিত মালহোত্রা) জানিয়েছি, আমি এই ছবির জন্য এক টাকাও নেব না। আমি চাই এই অর্থ ক্যানসারে ভুগছে এমন শিশুদের চিকিৎসায় ব্যয় হোক। রামায়ণ শুধু পৌরাণিক নয়, এটি আমাদের ইতিহাস। আমি বিশ্বাস করি, এই প্রোজেক্ট ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাবে।”

বিবেকের হাতে আরও রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন ছবি ‘স্পিরিট’, যেখানে প্রভাস, তৃপ্তি দিমরি ও প্রকাশ রাজের মতো তারকারা অভিনয় করছেন।