প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলে যাওয়ার পথে কিশোরীকে কুপিয়ে খুন! অভিযুক্তকে ধরতে পুলিশের তদন্ত শুরু

প্রেমের প্রস্তাব খারিজ করার মর্মান্তিক পরিণতি! তামিলনাড়ুর চেরানকোট্টাইয়ে এক স্কুলছাত্রীকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করল এক উত্যক্তকারী যুবক। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম মুনিয়ারাজ। সে বেশ কিছুদিন ধরেই ওই নাবালিকাকে উত্যক্ত করত। কিশোরীর বাবা অভিযুক্তকে তার মেয়েকে উত্যক্ত করতে বারণও করেছিলেন। কিন্তু সেই বারণ না মেনে মুনিয়ারাজ আরও ভয়ঙ্কর কাণ্ড ঘটায়।
অভিযোগ, প্রতিদিনের মতো বুধবারও ওই কিশোরী স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তার মধ্যেই তার পথ আটকায় মুনিয়ারাজ। এরপর বচসা শুরু হয়। কিশোরী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে মুনিয়ারাজ প্রকাশ্য রাস্তাতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত মুনিয়ারাজকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে কিশোরী খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে।