‘টাকা পাবেন না, বিজেপি আসছে!’ কোন মন্ত্রীর নাম করে শুভেন্দু অধিকারী বললেন, ‘১০০০ বেকার যুবকের টাকা আটকে’?

রাজ্যের সড়ক প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র অভিযোগ তুলে ঠিকাদারদের সরাসরি কাজ না করার জন্য সতর্ক করে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন, এসআইআর (SIR)-এর আতঙ্ক এবং বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের (Bihar Assembly Elections 2025 Result) কারণে তৃণমূল কংগ্রেস (TMC) বুঝতে পেরেছে যে তারা আর ক্ষমতায় আসছে না, তাই তড়িঘড়ি উন্নয়নের নামে টেন্ডার পাশ করা হচ্ছে।

শুভেন্দু অধিকারী বলেন, “১৪ বছর তো কোনও কাজ করেনি। ভোটের আগে যদি কাজ করে, তাতে আমাদের কোনও আপত্তি নেই।” তবে তিনি অভিযোগ করেন যে, হাজার হাজার বেকার যুবক, যারা ঠিকাদারি সংস্থার সঙ্গে যুক্ত, তাদের টাকা আটকে রাখা হয়েছে। তাঁর অভিযোগ, মন্ত্রী প্রদীপ মজুমদার এর সঙ্গে যুক্ত এবং অনেকেই এখনও টাকা পাননি।

ঠিকাদারদের কঠোর সতর্কবার্তা বিরোধী দলনেতা ঠিকাদারদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়ে বলেছেন, “কোনও ফান্ড নেই এদের। ঠিকাদারদের বলব, কোনও কাজ নেবেন না। এদের কোনও ফান্ড অ্যালট হয়নি।” তিনি আরও দাবি করেন, ভোটের আগে জোর করে কাজ করিয়ে নেওয়া হবে এবং ‘পথশ্রীর নামে লুটশ্রী’ চলছে। শুভেন্দুর স্পষ্ট বার্তা, “টাকা পাবেন না। আপনারা এই কাজ নেবেন না। বিজেপি সরকার আসছে। আপনাদের জন্য আমরা শেষ করব।”

টেন্ডারে লুটের বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী টেন্ডারে লুটপাটের অভিযোগ এনে বলেন, এই টেন্ডারগুলোতে তিন জায়গা থেকে অভিযোগ এসেছে—যারা ব্রোকার, তারা এইসব জায়গা থেকে আট শতাংশ করে টাকা কালেক্ট করছে। সেই টাকা ক্যামাক স্ট্রিটে যাচ্ছে বলে তাঁর অভিযোগ। তিনি সুনির্দিষ্টভাবে সৌভিক সরকারের নাম উল্লেখ করে বলেন, সে সম্পূর্ণ কালেকশনের দায়িত্বে রয়েছে এবং একটি গ্যাং তৈরি করে এই কালেকশন করছে। এই টাকার চার শতাংশ তৃণমূলের নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত হচ্ছে।

তিনি টোটো চালকদেরও কোনও টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন, কোনও অসুবিধা হলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেইদিনই এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে একদিন পর তিনি নিজেই তাঁদের কাছে পৌঁছে যাবেন।