ভালোবাসাই জীবনের মন্ত্র! নতুন ধারাবাহিক ‘সোহাগে আদরে’-এর অরুণিমা কেন রাতারাতি ভাইরাল

শহর থেকে কিছুটা দূরে অশোক কাননে এখন পুরোদমে চলছে বাংলা টেলিভিশন ধারাবাহিক ‘সোহাগে আদরে’-এর শুটিং। সেখানে এক ফ্রেমে ধরা দিলেন নায়ক-নায়িকা থেকে শুরু করে পার্শ্বচরিত্রের অভিনেতা-অভিনেত্রীরা। আগামী ২৪ নভেম্বর থেকে প্রতিদিন রাত সাড়ে ৮টার স্লটে জি বাংলায় আসছে এই মেগা সিরিয়াল।

ভালোবাসাই জীবনের ভিত্তি: অরুণিমা হালদার

 

নিম্ন মধ্যবিত্ত পরিবারের লড়াকু, প্রতিবাদী মেয়ে সোহাগ। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা হালদার (Arunima Haldar)। সোহাগের একটাই বিশ্বাস—ভালোবাসা দিয়েই জীবনের সব সমস্যার সমাধান করা যায়। সে পরিবারের প্রতি যত্নশীল, যা সে পায়নি, পরিবারের অন্যরা যেন তা পায়—সেটাই তার লক্ষ্য।

ইটিভি ভারতের মুখোমুখি হয়ে অরুণিমা বলেন, “সোহাগ সবটা উজাড় করে সবাইকে ভালোবাসে। সোহাগের জীবনের একটাই উদ্দেশ্য, যাতে সবাই ভালো থাকে আর সবাই ভালোবাসা পায়। আমাদের জীবন খুব অনিশ্চিত, সেখানে দাঁড়িয়ে ভালোবাসা আর ভালো থাকাটা খুব জরুরি। ভালোবেসেই মানুষকে ভালো রাখা যায়। সোহাগ সেটাই শিখেছে। ভালোবাসা এমন এক জিনিস, যা যত দেবে তত বাড়বে। তাই সোহাগ ভালোবেসে যায়। আর আমার কাছেও ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ।”

নতুন ইনিংস শুরু শুভরঞ্জন মুখোপাধ্যায়ের

 

ধারাবাহিকে নায়ক ‘সূর্য’-এর চরিত্রে অভিনয় করছেন প্রবাসী বাঙালি অভিনেতা শুভরঞ্জন মুখোপাধ্যায় (Subha Ranjan Mukherjee)। হিন্দি ছবি ‘ভারতীয়ান্স-দ্য নিউ ব্লাড’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা শুভরঞ্জন থিয়েটার ও মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন। তিনি ‘মিস্টার ইস্ট ইন্ডিয়া 2018’ খেতাব জেতেন এবং ‘মিস্টার নেক্সট স্টার 2019’-এ ফার্স্ট রানার-আপ হন। নান্দীকার থেকে নাটকের তালিম নেওয়া এই অভিনেতা রুদ্রপ্রসাদ ও স্বাতীলেখা সেনগুপ্তকে গুরু মানেন।

প্রথমবার ধারাবাহিকে মুখ্য চরিত্রে সুযোগ পেয়ে শুভরঞ্জন বলেন, “আমার চরিত্রের নাম সূর্য। তার একটা ট্রমাটিক অতীত আছে। সে একেবারেই টক্সিক নয়, খুব সুন্দর মনের একজন মানুষ সে। কেন সে হঠাৎ টক্সিক হয়ে গেল সেটা দর্শকরা দেখবেন। অরুণিমা আমার থেকে কাজের দুনিয়ায় সিনিয়র, কিন্তু ওর সঙ্গে কাজ করে একবারও মনে হচ্ছে না যে এই প্রথম কাজ করছি। খুব বন্ধুত্বপূর্ণ একজন মানুষ অরুণিমা।”

অরুণিমা, শুভরঞ্জন ছাড়াও এই মেগা সিরিয়ালে অভিনয় করছেন ত্রমিলা ভট্টাচার্য, শুভ্রজিৎ দত্ত, রাহুল বর্মন, মৌমিতা চক্রবর্তী, অনন্যা গুহ, রাজন্যা সাধুখাঁ সহ আরও অনেকে।