মর্মান্তিক পরিণতি! পুকুরপাড়ে খেলতে গিয়ে একসঙ্গে জলে ডুবে মৃত্যু হলো ৪ বছরের দুই খুড়তুতো ভাইয়ের, শোকস্তব্ধ মেমারি

পুকুরপাড়ে খেলতে গিয়ে জলে ডুবে একসঙ্গে দুই খুড়তুতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে সমগ্র মেমারি থানার দেবীপুর পূর্ব কাশিয়াড়া এলাকায় তীব্র চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই শিশুর নাম রাজদীপ হাজরা (৪) ও সৌভিক হাজরা (৪)। মঙ্গলবার দুপুর নাগাদ দুজনেই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও তাদের দেখতে না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন।

এরপরই পুকুরের জলে একসঙ্গে দুজনকে ভাসতে দেখে তড়িঘড়ি জল থেকে উদ্ধার করে মেমারী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরের জলে পড়ে যাওয়াতেই জলে ডুবে এই মর্মান্তিক পরিণতি ঘটেছে।

মৃত রাজদীপের বাবা জানান, তিনি প্রথমে দুই ছেলেকে তাড়া দিয়ে বাড়ি পাঠিয়েছিলেন। কিন্তু পরিবারের লোকজন অন্যমনস্ক হতেই রাজদীপ ও সৌভিক লুকিয়ে আবার বাইরে খেলতে চলে আসে। কিছুক্ষণ পর তাদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু হয় এবং পুকুরে তাদের ভাসমান দেহ দেখতে পাওয়া যায়। এই ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।