আর জি কর ধর্ষণ ও খুন মামলা, নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি নিতে আইনি বাধা নেই, নির্দেশ শিয়ালদহ আদালতের

আলোচিত আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মামলায় নতুন মোড়। মঙ্গলবার শিয়ালদহ আদালত নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি (Confidential Statement) দেওয়ার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে নির্দেশ দিয়েছে।

জানা গিয়েছে, নির্যাতিতার মা গত শুক্রবার শিয়ালদহ আদালতের এসিজেএম এজলাসে গোপন জবানবন্দি দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই আদালত এই নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) যদি তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে নির্যাতিতার মায়ের বয়ান রেকর্ড করা প্রয়োজন মনে করে, তবে তারা তা করতে পারবে, এ ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।

প্রসঙ্গত, গত শুক্রবার আর জি কর ধর্ষণ ও খুনের বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে আদালতে সপ্তম কেস ডায়েরি জমা দেয় সিবিআই। কিন্তু নিহত তরুণীর বাবা-মা এখনও সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করে চলেছেন। তাঁদের অভিযোগ, অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির নির্দেশ দেওয়া হলেও, তাঁদের মেয়ের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের মূল চক্রীকে আড়াল করা হচ্ছে।

শুক্রবারই আদালতে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার মা। তিনি ভরা আদালতে এক সিবিআই আধিকারিককে আঙুল তুলে ‘নির্লজ্জ’ বলেও দোষারোপ করেন। আদালতের বাইরে বেরিয়ে এসে ওই সিবিআই আধিকারিক তখন শুধু বলেছিলেন, “আমি নিজেও একজন মা।” এখন নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি এই মামলার তদন্তে কোনো নতুন দিক উন্মোচন করে কি না, সেটাই দেখার।