বাড়িতে বসে ₹২৫ হাজার রোজগারের লোভ! সোশ্যাল মিডিয়ায় ভুয়ো চাকরির ফাঁদে কিশোরী, বাবার অ্যাকাউন্ট থেকে উধাও ₹৪ লক্ষ ৯ হাজার

বাড়িতে বসেই প্রতি মাসে ২৫ হাজার টাকা রোজগারের লোভনীয় প্রলোভন। আর মাত্র ১০ হাজার টাকা আগাম দিলেই মিলবে এই ‘স্বপ্নের চাকরি’। সোশ্যাল মিডিয়ায় এমনই ভুয়ো চাকরির বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে বড়সড় সাইবার প্রতারণার শিকার হলেন পুরুলিয়া জেলার আদ্রার এক ১৮ বছর বয়সি কিশোরী। তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল মোট ৪ লক্ষ ৯ হাজার টাকা।
ঘটনার পর দিশেহারা হয়ে আদ্রা থানার গোয়াড্ডি এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক লক্ষ্মীরাম সরেন টাকা ফেরত পেতে ইতিমধ্যেই আদ্রা থানায় লিখিত অভিযোগ জানিয়ে তদন্তের আবেদন করেছেন।
কীভাবে ঘটল প্রতারণা?
ঘটনা সূত্রে জানা যায়, প্রাক্তন শিক্ষক লক্ষ্মীরাম সরেনের মেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি চাকরির বিজ্ঞাপন দেখতে পান। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, এককালীন ১০ হাজার টাকা দিলেই প্রতি মাসে ২৫ হাজার টাকা করে রোজগার করা যাবে। এরপরই ওই কিশোরী বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করে।
প্রতারকেরা তাকে জানায়, কাজ পেতে হলে আগাম ১০ হাজার টাকা জমা দিতে হবে। কিশোরী বিশ্বাস করে তার বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনলাইনে ১০ হাজার টাকা পাঠিয়ে দেয়। কিন্তু এর কিছুক্ষণ পর থেকেই বিপত্তি শুরু হয়। অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধাপে উধাও হতে শুরু করে আরও টাকা। শেষ পর্যন্ত মোট ৪ লক্ষ ৯ হাজার টাকা প্রতারণামূলকভাবে তুলে নেওয়া হয়।
প্রথমে মোবাইলে কোনও লেনদেনের মেসেজ না আসায় বিষয়টি টের পাননি লক্ষ্মীরাম বাবু। পরে বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি থানার দ্বারস্থ হন তিনি। কিন্তু ততক্ষণে বিপুল অঙ্কের টাকা হাতছাড়া হয়ে যায়। বর্তমানে আদ্রা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রতারকদের খুঁজে বের করা ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে।