‘উমর উল নবির’ আরেক সঙ্গী জালে! দিল্লি বিস্ফোরণে ড্রোনের ব্যবহার, অ্যানাটোলিয়ার সেই কুখ্যাত চক্রীর বিরুদ্ধে আর কী কী অভিযোগ?

দিল্লি বিস্ফোরণকাণ্ডের তদন্তে দেশজুড়ে ধরপাকড় চালিয়ে আরও এক কুখ্যাত চক্রীকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ধৃতের নাম জাসির বিলাল ওয়ানি ওরফে দানিশ। সোমবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলা থেকে এই ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করা হয়। গোয়েন্দারা জানান, দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত ড্রোন তৈরি করা থেকে শুরু করে রাসায়নিকের মশলা প্রস্তুতের সমস্ত দায়িত্বে ছিল এই দানিশ।
এনআইএ সূত্রের খবর, ধৃত দানিশ ছিল আত্মঘাতী জঙ্গি উমর উল নবির ঘনিষ্ঠ সঙ্গী এবং হামলার অন্যতম ষড়যন্ত্রকারী। বিস্ফোরক তৈরির পাশাপাশি, দানিশ জঙ্গি মডিউলটিকে টেকনিক্যাল সাপোর্ট দিত এবং হামলার আগে জেহাদিদের হাতে নিজের হাতে বানানো ড্রোন তুলে দিত। এর আগে রবিবারই উমরের আরেক সহযোগী আমির রশিদ আলিকে গ্রেফতার করা হয়েছিল। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই দ্বিতীয় ষড়যন্ত্রকারী গোয়েন্দাদের জালে ধরা পড়ল।
এই বিস্ফোরণকাণ্ডে এবার বাংলা যোগও প্রকাশ্যে এসেছে। নদীয়ার পলাশীপাড়ার বাসিন্দা সাবির আহমেদের নাম জড়িয়েছে এই ঘটনায়। যদিও সাবির বর্তমানে বেআইনি মাদক পাচারের অভিযোগে প্রেসিডেন্সি জেলে বন্দি। প্রশ্ন উঠেছে, বন্দী অবস্থায় কীভাবে সে এই দেশবিরোধী কার্যকলাপে যুক্ত ছিল?
দিল্লির লালকেল্লার সামনে ঘটে যাওয়া এই বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছিল। গোয়েন্দা সংস্থাগুলির দাবি, এই ঘটনার সঙ্গে জঙ্গিযোগ রয়েছে। শাহীনকে গ্রেফতার করার পরই তদন্তকারীরা জঙ্গিযোগের কথা জানতে পারেন। দানিশের গ্রেফতারির পর এর পিছনে আর কারা জড়িত, তা জানতে জোরকদমে চলছে তদন্ত ও তল্লাশি অভিযান।