মানুষ বাঁচবে ১৫০ বছর! ‘জম্বি সেল’ ধ্বংসকারী এক বিশেষ পিল আনল চাইনিজ সংস্থা, দাবি ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়!

ভবিষ্যতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে! এই অবিশ্বাস্য দাবি নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল ও সংশয়—দুই-ই বাড়িয়ে দিয়েছে শেনঝেন-ভিত্তিক বায়োটেক সংস্থা Lonvi Biosciences। যেখানে বিশ্বজুড়ে গড় আয়ু এখনও ৬৫-৭০ বছরের মধ্যে, সেখানে Lonvi-এর দাবি সত্যিই নজিরবিহীন।
সংস্থাটি জানিয়েছে, তারা একটি বিশেষ ধরনের ‘লংজিভিটি পিল’ তৈরি করেছে। এই পিলটির লক্ষ্য হলো সেনেসেন্ট বা “জম্বি সেল”—যে বয়স্ক কোষগুলো শরীরে প্রদাহ বাড়িয়ে বয়সজনিত অবনতিকে দ্রুত করে। এই কোষ নিষ্ক্রিয় করার উপায় নিয়েই বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন।
Lonvi-এর দাবি, পিলটির প্রধান উপাদান হলো Procyanidin C1 (PCC1)—যা আঙুরের বিচি থেকে পাওয়া একটি অণু। ইঁদুরের ওপর ল্যাব পরীক্ষায় দেখা গেছে, এই ফর্মুলেশন পাওয়া ইঁদুরদের গড় আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বেড়েছে, এবং চিকিৎসা শুরুর দিন থেকে তাদের বাকি জীবনকাল ৬৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা লু কিংহুয়া দ্য নিউ ইয়র্ক টাইমস–কে বলেছেন, ১৫০ বছর বয়সে পৌঁছনো “সম্পূর্ণ বাস্তবসম্মত”, এবং কয়েক বছরের মধ্যেই বড় অগ্রগতি দেখা যেতে পারে। তিনি আরও জানান, চিনে এখন দীর্ঘায়ু গবেষণায় সরকারি ও বেসরকারি বিনিয়োগ দ্রুত বাড়ছে। সাংহাই-ভিত্তিক একটি স্টার্ট-আপের সহ-প্রতিষ্ঠাতা গণ ইউ-এর মতে, আগে এটি ধনী মার্কিনিদের আগ্রহের বিষয় থাকলেও, এখন বহু চিনা নাগরিক লংজিভিটি গবেষণায় বিনিয়োগ করছেন।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই দাবিগুলি এখনও প্রাথমিক পর্যায়ের। ইঁদুরের পরীক্ষায় সাফল্য মিললেও, মানুষের ওপর ব্যাপক ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে নিশ্চিত মন্তব্য করা সম্ভব নয়।