বিশেষ: রুপো দিয়ে ঋণ বা সিলভার লোন কীভাবে পাবেন? জেনেনিন স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া

দীর্ঘদিন ধরে, লোন নেওয়ার ক্ষেত্রে সোনার গুরুত্বই বেশি ছিল; কম দামের কারণে রুপোর সেই কদর ছিল না। ফলে সোনা না থাকলে সাধারণ মানুষের ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতো। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। তাদের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাস থেকেই রুপো বন্ধক রেখে ঋণ (Silver Loan) নেওয়া যাবে।
আরবিআই জানিয়েছে, দেশের একটি বড় অংশের মানুষের কাছে সোনা না থাকলেও রুপো আছে। সেই কারণেই সাধারণ মানুষের সুবিধা দিতে সোনার বদলে রুপো দিয়ে ঋণ নেওয়ার এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু প্রশ্ন হলো, ঠিক কীভাবে রুপো জমা রেখে এই ঋণ নেওয়া যাবে? যদিও এই বিষয়ে আরবিআই এখনও নির্দিষ্ট গাইডলাইন জারি করেনি, তবে মনে করা হচ্ছে এটি সোনার লোনের মতোই হবে। নিচে ধাপে ধাপে পদ্ধতিটি তুলে ধরা হলো:
১. রুপো ও প্রয়োজনীয় ডকুমেন্ট জোগাড়: যে রুপোটি বন্ধক রাখতে চান, সেটি প্রস্তুত করুন। গয়না বা কয়েন জমা দেওয়া যাবে, তবে সিলভার বার জমা রাখা যাবে না। সাথে রাখুন প্যান কার্ড, আধার কার্ড, এবং ভোটার কার্ডের মতো প্রয়োজনীয় ডকুমেন্ট। প্রাপ্ত খবর অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত রুপোর গয়না এবং ৫০০ গ্রাম পর্যন্ত রুপোর কয়েন বন্ধক রাখতে পারবেন।
২. লোনের জন্য ব্রাঞ্চে যাওয়া: যেখান থেকে লোন নিতে চান, সেই ব্যাঙ্কের/প্রতিষ্ঠানের শাখায় যেতে হবে (যদিও রুপোর লোন কোন কোন সংস্থা দেবে, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি)। সেখানে আপনার রুপোর শুদ্ধতা পরীক্ষা করা হবে। এরপর রুপোর ভ্যালুয়েশন করে ঋণের পরিমাণ নির্ধারণ করা হবে।
৩. ভ্যালুয়েশন সার্টিফিকেট ও অ্যাগ্রিমেন্ট: রুপোর ভ্যালুয়েশন হওয়ার পর অবশ্যই ভ্যালুয়েশন সার্টিফিকেট সংগ্রহ করুন। এই সার্টিফিকেটে বন্ধক রাখা জিনিসের ওজন, বিশুদ্ধতা এবং মোট মূল্য লেখা থাকবে। পাশাপাশি, আপনাকে একটি লোন অ্যাগ্রিমেন্টও দেওয়া হবে। এতে আপনি সম্মতি জানালে ঋণ প্রক্রিয়ার জন্য পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
৪. লোন স্যাংশন ও টাকা হাতে পাওয়া: এটিই শেষ ধাপ। এই পর্যায়ে আপনার ঋণ অনুমোদিত হবে এবং আপনি হাতে টাকা পেয়ে যাবেন। এরপর আপনাকে নিয়মিত ইএমআই (EMI) পরিশোধ করতে হবে। সব ইএমআই পরিশোধ হয়ে গেলে আপনি বন্ধক রাখা গয়না বা কয়েন ফেরত পেয়ে যাবেন।
তবে মনে রাখবেন, লোন নেওয়া যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো।