SIR ফর্ম ফিলআপে OTP লাগবে? জেনেনিন কি বলছে নির্বাচন কমিশন

সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে এবার হাতিয়ার করা হচ্ছে নির্বাচন কমিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজকে। ভোটার তালিকার নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ার আড়ালে OTP চেয়ে সাইবার অপরাধ বাড়তে পারে—এই আশঙ্কায় আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা জারি করল ভারতের নির্বাচন কমিশন।
সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে ভোটারদের সতর্ক করা হয়েছে।
কমিশনের সাফ বার্তা: কোনো OTP চাওয়া হচ্ছে না
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক স্পষ্ট জানিয়েছেন:
“সবার অবগতির জন্য জানানো হচ্ছে, ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে কোনও OTP চাওয়া হচ্ছে না। স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত কোনও কাজের জন্য কোনও মোবাইল নম্বরে কোনও OTP চাইবে না।”
অর্থাৎ, কমিশন দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, SIR বা ভোটার তালিকার সংশোধনের জন্য কোনো OTP-এর প্রয়োজন নেই। যদি এই সংক্রান্ত কোনো মেসেজ আসে বা কেউ ফোনে OTP চায়, তাহলে তা দেওয়া উচিত নয়।
পর্দাফাঁস হলো উত্তর ২৪ পরগনায়
নির্বাচন কমিশন এই সতর্কবার্তা জারি করার পিছনে রয়েছে গত শনিবার উত্তর ২৪ পরগনার একটি ঘটনা। সেদিন কদম্বগাছি রেল টিকিট কাউন্টারের কাছে ভোটারদের এনিউমারেশন ফর্ম পূরণ করানোর সময় ৮ জনকে গ্রেফতার করা হয়।
অভিযোগ: হেমন্ত বসু এলাকায় ব্যানার টাঙিয়ে SIR-এর ফর্ম ফিলআপ চলছিল। যারা ফর্ম ফিলাপ করাচ্ছিল, তারাই নাকি বেশ কয়েকজন ভোটারের কাছে OTP চেয়েছিল।
গ্রেফতার: খবর পেয়ে পুলিশ এসে জানতে পারে, কয়েকজন যুবক-যুবতী নিজেদের ‘সাহায্যকারী’ পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনের নামে OTP চাইছিল। তাদের মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃতরা দিল্লির বাসিন্দা।
ঘটনা সামনে আসার পরই থানায় খবর দেওয়া হয়। যদিও নির্বাচন কমিশন সূত্রে খবর, বিএলও-দের (Booth Level Officer) ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে এই তথ্য প্রচারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যাতে প্রতারণার ফাঁদে না পড়ে, সেজন্য আনুষ্ঠানিকভাবে এই সতর্কতা জারি করা হলো।