চাঞ্চল্য! ছেলে হেফাজতে, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা মেওয়া বিক্রেতার মর্মান্তিক পরিণতি, প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে!

সন্ত্রাসবাদী মডিউল মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ডাকার পর যিনি নিজের গায়ে আগুন দিয়েছিলেন, সেই মেওয়া বিক্রেতা বিলাল আহমেদ বানির শ্রীনগরের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে। সোমবার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, বিলাল আহমেদ বানি রবিবার কাজিগুন্ডে নিজের গায়ে আগুন দেন। অনন্তনাগের একটি হাসপাতালে রবিবার গভীর রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে এসএমএইচএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, মাঝরাতের পর বানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছেলের সঙ্গে বানিকেও জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ

 

পুলিশ বানি এবং তাঁর ছেলে জাসির বিলালকে ওই সন্ত্রাসী মডিউল মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। কর্মকর্তারা জানান, বানিকে পরে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু তাঁর ছেলে জাসির বিলাল এখনও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রয়েছে।

বানি ছিলেন ডা. মুজাফফর রাঠেরের প্রতিবেশী, যিনি ‘সাদা কলার সন্ত্রাসী মডিউল’ মামলার মূল অভিযুক্ত। মনে করা হচ্ছে মুজাফফর বর্তমানে আফগানিস্তানে রয়েছেন। তাঁর ছোট ভাই ডা. আদিল রাঠেরকে গত ৬ নভেম্বর উত্তর প্রদেশের সাহারানপুর থেকে গ্রেফতার করা হয়েছিল।