‘আমি পার্টিতে যাই না, সারাদিন ফ্লাইটে থাকি’! মাদক যোগের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিলেন অভিনেত্রী নোরা ফতেহি।

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)-এর সঙ্গে বলিউডের যোগসাজশের অভিযোগ পুরনো হলেও, এবার তা নিল চাঞ্চল্যকর মোড়। মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলা-র বয়ানে নাম উঠে এল জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) এবং নোরা ফতেহি (Nora Fatehi)-সহ একাধিক বলিউড তারকাদের। অভিযোগ, প্রায় ২৫২ কোটি টাকার মাদক লেনদেন এই চক্রের মাধ্যমে হয়েছে।

দুবাই থেকে চক্র, হাতে এল চাঞ্চল্যকর নাম
সম্প্রতি মুম্বই পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর (NCB) এর তল্লাশি অভিযান থেকে সেলিম ডোলার নাম উঠে আসে। জানা যায়, এই মাদক পাচার চক্রটি দুবাই থেকে পরিচালিত হয়। সংযুক্ত আরব আমীরশাহী থেকে তাহির ডোলাকে গ্রেপ্তার করে ভারতে নিয়ে আসা হয়। পুলিশি জেরায় তাহির ডোলা দাবি করেন, দাউদ ইব্রাহিম ভারতে এবং বিভিন্ন জায়গায় মাদক পার্টির আয়োজন করেন। সেই পার্টিগুলিতে নিয়মিত উপস্থিত থাকেন শ্রদ্ধা কপূর ও নোরা ফতেহির মতো নামীদামি অভিনেত্রীরা।

শ্রদ্ধার দাদা ও ওরি-ও যুক্ত থাকার অভিযোগ
তাহির ডোলার দাবি অনুযায়ী, শ্রদ্ধা কপূর একা নন, তাঁর দাদা সিদ্ধার্থ কপূরও নাকি এই মাদক পার্টিতে নিয়মিত যান এবং এই পাচারকারী চক্রের সঙ্গে যুক্ত। মনে করা যেতে পারে, বছরখানেক আগে মাদককাণ্ডে সিদ্ধার্থ কপূর একবার গ্রেফতার হয়েছিলেন, যদিও পরে উপযুক্ত প্রমাণ না পাওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়। এই চক্রে অভিনেতা-অভিনেত্রী ছাড়াও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি-র নামও জড়িয়েছে।

শোনা যাচ্ছে, এই অভিযোগের ভিত্তিতে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তরফে শ্রদ্ধা, নোরা ও অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হতে পারে।

নোরার প্রতিক্রিয়া: “আমার ব্যক্তিগত জীবন নেই”
অন্যদিকে, এই চাঞ্চল্যকর অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন অভিনেত্রী নোরা ফতেহি। নোরা প্রতিক্রিয়া জানিয়েছেন, তিনি কোনও পার্টিতে যান না। তাঁর জীবনের অধিকাংশ সময় কাটে ফ্লাইটে এবং তাঁকে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয়। তাঁর ব্যক্তিগত জীবনই নেই। তিনি সেভাবে মানুষের সঙ্গে মেশেন না। ফলে এই সমস্ত ঘটনায় তাঁর নাম জড়ানো অনর্থক। তিনি কাজ নিয়েই থাকতে চান এবং এর বাইরে অন্য কোনও কিছুর সঙ্গেই তাঁর সম্পর্ক নেই।