কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওয়া গেল পাত্র, শিগ্রই বিয়ে পি.সি. সরকারের কন্যার

গত বছর থেকেই গুঞ্জন চলছিল—কাগজে বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজা হচ্ছে জাদুকর পি.সি. সরকার জুনিয়রের তিন কন্যার জন্য। দীর্ঘ ঝাড়াই-বাছাই পর্ব শেষে অবশেষে সুখবর! সরকার পরিবারে বাজতে চলেছে প্রথম বিয়ের সানাই। নভেম্বরের শেষেই বিয়ের পিঁড়িতে বসছেন পি.সি. সরকারের মেজ মেয়ে মৌবনী সরকার।
জানা গিয়েছে, বিজ্ঞাপন থেকে সন্ধান পাওয়া পাত্র, রিসার্চ অ্যানালিস্ট সৌম্য রায়ের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়ছেন মৌবনী। পেশায় রিসার্চ অ্যানালিস্ট সৌম্য রায় দীর্ঘদিন বিদেশে ছিলেন, তবে বর্তমানে তিনি কলকাতাতেই রয়েছেন। ৩০ নভেম্বর সৌম্য ওয়েডস মৌবনী—এই শুভ লগ্নের অপেক্ষাতেই এখন সরকার পরিবার।
হবু বরের কোন গুণটি মৌবনীকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে? পি.সি. সরকারের কন্যা বলেন, “সৌম্য খুব অ্যাকসেপ্টিং, যেটা আমার খুব ভালো লেগেছিল। যেমন আমি চেয়েছিলাম, খুব ইন্টেলিজেন্ট। ও লিটারেচর ভালোবাসে, এটা আমারও খুব প্রিয় জায়গা। আমার কাজ, আমার লেখা, আমার আর্ট ওর পছন্দের। ও বাঙালি সংস্কৃতিটা খুব ভালোবাসে। অনেক দিন দেশের বাইরে ছিল বলে খারাপ-ভালোটা সহজেই বুঝতে পারে। নিজের দেশের প্রতি ভালোবাসা আছে। খুব কালচারড মানুষ। ওর বাবা-মা-দিদি আছেন। ওঁরাও খুব ভালো।” মৌবনীর কথায়, তিনি শ্বশুরবাড়ি হিসাবে ঠিক যেমন পরিবার চেয়েছিলেন, তেমনই পেয়েছেন।
সরকার পরিবারের প্রথম বিয়ে বলে বর্তমানে প্রস্তুতি তুঙ্গে। শপিং চলছে জোরকদমে। সবকিছু হবে বাঙালি রীতি-নীতি মেনেই। এই কাজে মা-বাবার সঙ্গে মৌবনীর দুই বোন—মানেকা ও মুমতাজও কোমর বেঁধে নেমে পড়েছেন। বাবা পি.সি. সরকার জুনিয়র ও তাঁর স্ত্রী দুজনেই মেয়ের বিয়ে নিয়ে অত্যন্ত খুশি। একেবারেই সাবেকিয়ানা সাজে সেজে উঠবেন কনে। বাঙালি পরিবারের সব আচার-অনুষ্ঠান মেনেই সম্পন্ন হবে বিয়ে। মৌবনীর বিয়ের বেনারসি আসছে সুদূর বেনারস থেকে।
বিয়ের আগে চলছে একের পর এক আইবুড়োভাত খাওয়ার পর্ব। বিয়েতে খাওয়াদাওয়াতেও থাকবে ভরপুর বাঙালিয়ানা—মাছ, মিষ্টি, মাটন বাদ যাবে না কিছুই। মা আর বোনেরা মিলে তৈরি করেছেন মেনু। এখন শুধু সরকার পরিবারে বিয়ের সানাই বাজার অপেক্ষা।