কলকাতার আকাশে ‘তারা খসা’র দৃশ্য! আজ রাত থেকেই শুরু হচ্ছে লিওনিড উল্কাবৃষ্টি, কখন দেখবেন এই নৈসর্গিক দৃশ্য?

রাতের আকাশপ্রেমীদের জন্য এক দারুণ খবর! মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, এখন থেকেই রাতের আকাশে তাকালে দেখা যেতে পারে একের পর এক তারা খসে পড়ার সুন্দর দৃশ্য। এই নৈসর্গিক দৃশ্য দেখতে বাংলার মানুষজনকে বেশি দূর যেতে হবে না, কলকাতা-সহ গোটা বঙ্গ জুড়েই এই উল্কাপাত দেখা যাবে।
ঘণ্টায় ১৫টি উল্কাপাত
বিজ্ঞানীরা জানিয়েছেন, লিওনিড মেটিওর শাওয়ার (Leonid Meteor Shower) শুরু হয়েছে। এই সময়ে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ১৫টি পর্যন্ত উল্কা খসে পড়তে দেখা যাবে। তবে সবথেকে বেশি উল্কাপাত দেখা যাবে ১৬-১৭ নভেম্বর, রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত। এই দিন ঘণ্টায় ১৫ থেকে ২০টি পর্যন্ত উল্কাপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিরল দৃশ্য দেখার জন্য উৎসাহীদের রাত জাগতে হবে। উল্কাপাতটি ৬ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
উল্কাবৃষ্টির কারণ: ১৬৯৯ সালের ধূমকেতুর ‘লেজ’!
এই উল্কাবৃষ্টির কারণ হলো একটি ধূমকেতু—৫৫পি/টেম্পল-টাটল (55P/Tempel-Tuttle)। জানা গিয়েছে, ১৬৯৯ সালে এই ধূমকেতুটি যখন সূর্যের কাছ দিয়ে গিয়েছিল, তখন এটি তার কক্ষপথে একটি লেজ ফেলে গিয়েছিল। প্রতি বছর নভেম্বর মাসের এই ১৬-১৭ তারিখ নাগাদ পৃথিবী সেই ধূমকেতুর কক্ষপথের কাছাকাছি আসে। এই বছর সেই লেজের মধ্যেই ঢুকে পড়বে পৃথিবী। ধূমকেতুর ফেলে যাওয়া সেই ধুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে জ্বলে ওঠে এবং সেটাই আমরা উল্কাবৃষ্টি বা ‘তারা খসা’ হিসেবে দেখি। উল্লেখ্য, ৫৫পি/টেম্পল-টাটল ধূমকেতুটি প্রায় ৩৩ বছর পর পর সূর্যকে প্রদক্ষিণ করে। এটি প্রথম আবিষ্কার হয় ১৮৬৫ সালে।
পরবর্তী উল্কাপাত কবে?
বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, আগামী ১৩ ডিসেম্বর আবার উল্কাপাত দেখা যাবে। সেই সময় বিশ্বের অনেক দেশের সঙ্গে এই রাজ্য থেকেও এই দৃশ্য দেখা যাবে। সেবার যে উল্কাপাত হবে, তা জেমিনিড (Geminid) বা মিথুন রাশি থেকে উৎসারিত হবে বলে মনে করা হচ্ছে।