ইডেনে ৫ উইকেট নিলেন, কিন্তু বিতর্কে জসপ্রীত বুমরা, তেম্বা বাভুমাকে ‘বামন’ বলায় সমালোচিত তারকা পেসার

কলকাতা টেস্টের প্রথম দিন পাঁচ উইকেট নিয়ে একাধিক নজির গড়লেও, একটি ঘটনায় প্রবল বিতর্কের মুখে পড়লেন ভারতীয় স্পিডস্টার জসপ্রীত বুমরা। বিপক্ষ অধিনায়ক তেম্বা বাভুমার খর্বকায় চেহারা নিয়ে করা একটি মন্তব্য স্টাম্প মাইকে ধরা পড়ে যাওয়ায় সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।
বিতর্কের সূত্রপাত প্রোটিয়া ইনিংসের ১৩তম ওভারে। বাভুমার বিরুদ্ধে লেগ-বিফোরের জোরালো আবেদন ওঠার পর, অন-ফিল্ড আম্পায়ার সাড়া না দেওয়ায় ডিআরএস নেওয়ার জন্য উইকেটরক্ষক ঋষভ পন্তের সঙ্গে আলোচনা করতে এগিয়ে যান বুমরা। সেই সময় তাঁদের কথোপকথন স্টাম্প-মাইকে ধরা পড়ে এবং তা নিমেষে ভাইরাল হয়ে যায়।
ভাইরাল হওয়া কথোপকথনটি ছিল অনেকটা এইরকম:
বুমরা: লাইন তো ঠিকই মনে হচ্ছে।
পন্ত: কতোটা উপরে বলটা লেগেছে?
বুমরা: ও তো বামনও বটে।
পন্ত: সে তো বটেই। কিন্তু বলটা কতোটা উপরে লেগেছে?
ভারতীয় পেসারের এই মন্তব্যে নেটনাগরিকদের একাংশ তাঁর সমালোচনায় মুখর হয়। বিপক্ষ অধিনায়ককে নিয়ে করা তাঁর এই ‘বডিশেমিং’ ক্রিকেটের রীতিনীতির পরিপন্থী বলে মনে করছেন অনুরাগীরা। অনেকেই বুমরার শাস্তিরও দাবি জানিয়েছেন।
বিতর্ক নিয়ে যা বললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ
তবে দক্ষিণ আফ্রিকা শিবিরের তরফে এই বিষয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স জানান, তাঁরা এই বিষয়টি সম্পর্কে আগে কিছুই জানতেন না।
প্রিন্স বলেন, “না, এ বিষয়ে কোনও আলোচনা হোক চাই না। বিষয়টি প্রথমবার শুনলাম আমি। মনে হয় না যা ঘটেছে সেটা খুব একটা সমস্যার।”
যদিও প্রোটিয়া শিবিরের তরফে আপাতত অভিযোগ না এলেও, বাইশ গজে অবমাননাকর মন্তব্যের ঘোর বিরোধী আইসিসি’র শৃঙ্খলা রক্ষা কমিটি। ক্রিকেটের অখণ্ডতা রক্ষায় আইসিসি’র 2.3 এবং 2.13 ধারায় খেলার মাঠে প্রত্যেকের সম্ভ্রম রক্ষার বিষয়টি উল্লেখ রয়েছে। যা লঙ্ঘন করলে শাস্তির বিধানও রয়েছে।
সমস্ত বিতর্ক উপেক্ষা করে বুমরা প্রথম দিনেই ২৭ রানে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে দেন।